ফেডারেশন কাপ থেকে আবাহনীর বিদায়
ফেডারেশন কাপে টিকে থাকার জন্য আবাহনীর সামনে সমীকরণ জটিলই ছিলো। গ্রুপের শেষ ম্যাচে পিডব্লিউডির বিপক্ষেও জিতলেও তাদের কোয়ালিফিকেশন রাউন্ডে ওঠা নির্ভর করতো রহমতগঞ্জ ও ইয়ংমেন্স ক্লাবের ম্যাচের ওপর। সেই সমীকরণ পর্যন্ত নিজেদের ভাগ্য নিতে পারেনি আবাহনী। পিডব্লিউডির কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে গতবারের রানার্সআপ দলটি।
মঙ্গলবার কিংস অ্যারেনায় আবাহনীকে ১-০ গোলে হারিয়েছে পিডব্লিউডি। প্রথমার্ধ গোলশূন্য থাকার পর ৬৬ মিনিটে ম্যাচের একমাত্র গোলটি করেছেন মোহাম্মদ আবদুল্লাহ। চার ম্যাচে আবাহনী ৪ পয়েন্ট নিয়ে ফেডারেশন কাপ থেকে বিদায় নিলো।
আবাহনীকে হারিয়ে পিডব্লিউডির সংগ্রহ চার ম্যাচে ৬ পয়েন্ট। রহমতগঞ্জ ও ইয়ংমেন্সের ম্যাচের ফলাফলের দিকে তাকিয়ে থাকতে হচ্ছে পিডব্লিউডিকে। ওই ম্যাচে রহমতগঞ্জ হেরে গেলে কপাল খুলবে পিডব্লিউডির।
আবাহনী বাংলাদেশ ফুটবল লিগের টেবিলে দ্বিতীয় স্থানে থেকে শিরোপা পুনরুদ্ধারের সম্ভাবনা বাঁচিয়ে রাখলেও ফেডারেশন কাপ থেকে বিদায় নিয়ে হতাশ করেছে আকাশি-নীল সমর্থকদের।
আবাহনী ফেডারেশন কাপে সর্বাধিক ১২ বারের চ্যাম্পিয়ন, তার পরই ১১ বার মোহামেডান। সাদাকালোরা লিগে খারাপ করলেও ফেডারেশন কাপের শেষ চারে উঠে শিরোপা পুনরুদ্ধারের সম্ভাবনা বাঁচিয়ে রেখেছে।
আরআই/এমএমআর