এফএ কাপ

সাউদাম্পটনের কাছে হেরে শিরোপা ডাবলের স্বপ্ন শেষ আর্সেনালের

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৯:০৬ এএম, ০৫ এপ্রিল ২০২৬

এফএ কাপের কোয়ার্টার ফাইনালে হোঁচট খেয়েছে আর্সেনাল। শেষ মুহূর্তে শে চার্লসের গোলে ২-১ ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে প্রিমিয়ার লিগের শীর্ষ দলটি। এতে শিরোপা ডাবলের স্বপ্নও ভেঙে গেছে তাদের।

সাউদাম্পটনের মাঠ সেন্ট মেরিস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটি ছিল আর্সেনালের জন্য গুরুত্বপূর্ণ পরীক্ষা। আন্তর্জাতিক বিরতিতে চোটের কারণে ১১ জন খেলোয়াড় জাতীয় দল থেকে সরে দাঁড়ালেও কোচ মিকেল আর্তেতা শক্তিশালী একাদশই নামিয়েছিলেন।

যেখানে ছিলেন মার্টিন ওডেগার্ড, কাই হাভার্টজ, বেন হোয়াইট ও গ্যাব্রিয়েল মাগালহায়েস।

আর্সেনাল বল দখলে আধিপত্য ধরে রাখলেও ভালো সুযোগ তৈরি করে স্বাগতিক সাউদাম্পটনই। ম্যাচের ৩৫তম মিনিটে ডান দিক থেকে জেমস ব্রির ক্রস ঠিকমতো বুঝতে না পেরে ভুল করেন হোয়াইট। সুযোগটি কাজে লাগিয়ে রস স্টুয়ার্ট গোল করে দলকে এগিয়ে দেন।

দ্বিতীয়ার্ধে পরিবর্তন আনেন আর্তেতা। মাঠে নামেন ভিক্টর গিয়োকেরেস, ননি মাদুয়েকে ও রিকার্দো কালাফিওরি মাঠে নামেন। এরপর গিয়োকেরেস ৬৮ মিনিটে সমতা বাড়ান। গ্যাব্রিয়েলের পাস থেকে হাভার্টজ বল বাড়িয়ে দিলে গোল করেন তিনি।

তবে শেষ হাসি হাসে সাউদাম্পটনই। বদলি নামা শে চার্লস টম ফেলোসের পাস পেয়ে নিচু শটে জয়সূচক গোল করেন। শেষ দিকে আর সমতা ফেরাতে পারেনি আর্সেনাল।

এই জয়ে সাউদ্যাম্পটন সেমিফাইনালে জায়গা করে নিয়েছে, যেখানে তাদের জন্য অপেক্ষা করছে ওয়েম্বলির লড়াই।

আইএন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।