মেসি-রোনালদো এবার ক্ষুদ্র রূপে: লেগো ব্লকে ফুটবল তারকারা

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০:০৫ পিএম, ০২ এপ্রিল ২০২৬

বিশ্বকাপের উত্তাপ মাঠের বাইরেও ছড়িয়ে দিতে নতুন চমক নিয়ে হাজির হয়েছে লেগো । ফুটবলপ্রেমীদের জন্য এবার তারা তৈরি করেছে বিশেষ মিনিফিগার সিরিজ, যেখানে বিশ্ব ফুটবলের চার তারকা- ক্রিশ্চিয়ানো রোনালদো, লিওনেল মেসি, কিলিয়ান এমবাপে এবং ভিনিসিয়ুস জুনিয়রকে ছোট আকারে ব্লকের মাধ্যমে জীবন্ত করে তোলা হয়েছে।

বিশ্বকাপের আগে এই নতুন সিরিজ বাজারে এনে আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে লেগো। এর আগে তারা ব্লক দিয়ে প্রায় বাস্তব আকৃতির ফিফা বিশ্বকাপ ট্রফির মডেল তৈরি করেছিল। এবার সেই উদ্যোগকে আরও একধাপ এগিয়ে নিয়ে গিয়ে ফুটবল তারকাদের মিনিফিগার প্রকাশ করেছে।

Lego

লেগো কর্তৃপক্ষ বৃহস্পতিবার একটি টিজার ট্রেলার প্রকাশ করে, যেখানে দেখা যায় চার তারকা ফুটবলারই লেগো সংস্করণের বিশ্বকাপ ট্রফি নিজেদের করে নিতে লড়াই করছেন। ভিডিওটি ইতিমধ্যেই ভক্তদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

প্রতিটি মিনিফিগার সেটে সংশ্লিষ্ট ফুটবলারের জাতীয় দলের জার্সি পরিহিত ক্ষুদ্র মডেল রাখা হয়েছে। পাশাপাশি রয়েছে তাদের নামের প্রথম অক্ষর অনুযায়ী বিশেষ ডিজাইনের স্ট্যান্ড- রোনালদোর জন্য ‘আর’, এমবাপের জন্য ‘এম’, মেসির জন্য ‘এল’ এবং ভিনিসিয়ুসের জন্য ‘ভি’ আকৃতির বেস।

এছাড়া রোনালদো ও মেসির জন্য আলাদা করে ‘ফুটবল লেজেন্ড’ সংস্করণও তৈরি করেছে লেগো। এই বিশেষ সেটগুলোতে ৮৫০টিরও বেশি অংশ (পিস) রয়েছে, যার মাধ্যমে বড় আকারের মডেল তৈরি করা যায়। এখানে তাদের বিখ্যাত মুহূর্তগুলো ফুটিয়ে তোলা সম্ভব- রোনালদোর বিখ্যাত ‘সিউ!’ উদযাপন কিংবা বাইসাইকেল কিক, আর মেসির আকাশের দিকে আঙুল তুলে উদযাপন বা ড্রিবলিং ভঙ্গি। প্রতিটি সেটে কাস্টম ব্যাকড্রপ ও প্রিন্টেড প্ল্যাকও যুক্ত করা হয়েছে, যা সংগ্রাহকদের জন্য বাড়তি আকর্ষণ।

Messi

বিশ্বকাপকে ঘিরে ভক্তদের উন্মাদনা আরও বাড়াতে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেই মনে করছেন বিশ্লেষকরা। বিশেষ করে তরুণ প্রজন্মের কাছে ফুটবল ও সৃজনশীল খেলনার সমন্বয় নতুন এক অভিজ্ঞতা তৈরি করবে।

মাঠের খেলা যেমন উত্তেজনা ছড়াবে, তেমনি বিরতির সময় কিংবা অবসর মুহূর্তে এই লেগো সেটগুলো ভক্তদের বিনোদনের নতুন মাধ্যম হয়ে উঠতে পারে।

আইএইচএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।