রিয়াল হারলেও দুর্দান্ত রেকর্ডে মেসি-রোনালদোর কাতারে এমবাপে

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৭:২১ পিএম, ০৮ এপ্রিল ২০২৬

ইউরোপিয়ান ফুটবলে আবারও নিজের শ্রেষ্ঠত্বের প্রমাণ দিলেন কিলিয়ান এমবাপে। চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে রিয়াল মাদ্রিদ ২-১ গোলে বায়ার্ন মিউনিখের কাছে হারলেও, ম্যাচে গুরুত্বপূর্ণ গোল করে ইতিহাসের এলিট তালিকায় নাম লিখিয়েছেন এই ফরাসি তারকা।

ম্যাচের ৭৪তম মিনিটে গোল করে রিয়ালকে লড়াইয়ে ফিরিয়ে আনেন এমবাপে। এই গোলের মাধ্যমে চলতি ২০২৫-২৬ মৌসুমে তার চ্যাম্পিয়ন্স লিগে গোলসংখ্যা দাঁড়ায় ১৪-এ। এর ফলে তিনি যোগ দেন ক্রিশ্চিয়ানো রোনালদো, লিওনেল মেসি এবং রুদ ফন নিস্তেলরয়ের মতো কিংবদন্তিদের কাতারে।

ইতিহাসে মাত্র নবমবারের মতো কোনো খেলোয়াড় এক মৌসুমে ১৪ বা তার বেশি গোল করার কীর্তি গড়লেন। সাবেক রিয়াল তারকা রোনালদো এই রেকর্ড তিনবার করেছেন এবং ২০১৩-১৪ মৌসুমে ১৭ গোল করে এখনো সর্বোচ্চ গোলের রেকর্ড ধরে রেখেছেন।

এই তালিকায় আরও আছেন জোসে আলতাফিনি, রবার্ট লেওয়ানডস্কি এবং করিম বেনজেমা।

এস মোনাকো, প্যারিস সেন্ট জার্মেই এবং রিয়ালের হয়ে মোট ৯৭ ম্যাচে এখন পর্যন্ত এমবাপের গোল সংখ্যা দাঁড়িয়েছে ৬৯। যা তাকে চ্যাম্পিয়ন্স লিগের সর্বকালের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় ষষ্ঠ স্থানে রেখেছে।

বর্তমানে এমবাপে রয়েছেন রেকর্ড ভাঙার দৌড়ে। রোনালদোর ১৭ গোলের রেকর্ড ছুঁতে তার প্রয়োজন আরও ৩টি গোল, আর নতুন ইতিহাস গড়তে দরকার ৪টি। এছাড়া আর মাত্র ১টি গোল করলেই তিনি লেওয়ানডস্কি ও বেনজেমার ১৫ গোলের রেকর্ড স্পর্শ করবেন।

এমএমআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।