চ্যাম্পিয়ন্স লিগ

দুই পেনাল্টিতে অ্যাটলেটিকো-আর্সেনাল প্রথম লেগ শেষ হলো ড্রয়ে

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৮:৩৩ এএম, ৩০ এপ্রিল ২০২৬

 

নাটকীয় ড্রয়ে শেষ হয়েছে আর্সেনাল ও অ্যাটলেটিকো মাদ্রিদের চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালের প্রথম লেগটি। ফলে দ্বিতীয় লেগের আগে কোনো দলই এগিয়ে নেই এবং লড়াই এখনো জারি রয়েছে।

ভিক্টর ইয়োকেরেস প্রথমার্ধ শেষ হওয়ার এক মিনিট আগে ৪৪ মিনিটে স্পটকিক থেকে গোল করে এগিয়ে নেন দলকে। তিনি ড্যাভিড হ্যানকোর চ্যালেঞ্জে পড়ে যান। এরপর রেফারি সেটিকে পেনাল্টি দেন।

দ্বিতীয়ার্ধের ১১ মিনিটে হুলিয়ান আলভারেজ পেনাল্টি থেকে গোল করে ম্যাচে সমতা ফেরান। ভিএআর রিভিউয়ের পর এই পেনাল্টি দেওয়া হয়।

শেষদিকে বদলি খেলোয়াড় এবেরচি এজে আরেকটি পেনাল্টি আদায় করেছেন বলে মনে হলেও ভিএআর চেকের পর সেই সিদ্ধান্ত বাতিল করা হয়।

ম্যাচের শুরুটা দুইটা দলই করেছিল সতর্কভাবে। দুই দলই কোনো ঝুঁকি নিতে চায়নি। তবে গোল হজমের পর দ্বিতীয়ার্ধে আক্রমণ বাড়ায় অ্যাটলেটিকো মাদ্রিদ ।

আদেমোলা লুকম্যানের একটি জোরালো শট নিলে ডেভিড রায়া সেটি ফিরিয়ে দেন । এরপর গ্যাব্রিয়েল মাগালহায়েস দারুণ ব্লক করে আন্তোনিও গ্রিজম্যানের নিশ্চিত গোল রুখে দেন।

পরে মার্কাস রাশফোর্ডের শট গিয়ে লাগে বেন হোয়াইটের হাতে। ভিএআর দেখে রেফারি পেনাল্টি দেন। সেই পেনাল্টি থেকে আলভারেজ জোরালো শটে জালে বল পাঠান।

শেষদিকে গ্রিজমানের শট ক্রসবারে লাগে, আর লুকম্যানের সহজ সুযোগটিও গোল হয়নি। তিনি কাছ থেকে সরাসরি রায়ার হাতে বল মারেন।

ফলে, ম্যাচটি ১-১ ড্রয়ে শেষ হয় এবং আগামী মঙ্গলবার লন্ডনে দ্বিতীয় লেগে দুই দলের ভাগ্য নির্ধারণ হবে।

আইএন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।