‘এটা আমাদেরই গল্প’ দেখে ইরফানকে কল দিয়ে যা বললেন অপূর্ব

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১২:০৫ পিএম, ০২ মে ২০২৬
‘এটা আমাদেরই গল্প’ দেখে ইরফানকে কল দিয়ে যা বললেন অপূর্ব

পারিবারিক আবেগে ভর করা ধারাবাহিক এটা আমাদেরই গল্প নতুন করে আলোচনায় এসেছে এর ৫০তম পর্ব প্রচারের পর। ফাহাদ-সামীরের বাবার মৃত্যুর দৃশ্য দর্শকদের নাড়িয়ে দিয়েছে গভীরভাবে। বিশেষ করে বাবার মরদেহ কাঁধে নেওয়ার দৃশ্যটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে ভাইরাল হয়।

এই দৃশ্যে অসাধারণ অভিনয়ের জন্য প্রশংসায় ভাসছেন ফাহাদ চরিত্রে অভিনয় করা ইরফান সাজ্জাদ। তার অভিনয়ে মুগ্ধ হয়ে সরাসরি ফোন করে অভিনন্দন জানিয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব।

ফোনে অপূর্ব তাকে বলেন, তার ইমোশনাল অভিনয় প্রত্যাশার চেয়েও ভালো হয়েছে এবং এমন কাজ আরও করার আহ্বান জানান। এই প্রশংসায় আবেগাপ্লুত হয়ে পড়েন ইরফান সাজ্জাদ। পরে নিজের ফেসবুক পোস্টে তিনি অপূর্বর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ইরফান লিখেছেন, ‘‘বড় ছেলে’ নাটক দেখে দর্শক অপূর্ব ভাইয়ের অভিনয়ে মুগ্ধ ছিলো। তার কষ্টে কেঁদেছিলো। সেই অপূর্ব ভাইয়া যখন ফোন করে আমার কাজের প্রশংসা করেন, এটা আমার জন্য অনেক বড় পাওয়া। তিনি সময় নিয়ে আমাদের কাজ দেখেছেন, এটাই সবচেয়ে বড় অনুপ্রেরণা।’

ধারাবাহিকটি পরিচালনা করেছেন মোস্তফা কামাল রাজ। পাকিস্তানি সিরিজ ‘কাভি মে কাভি তুম’ থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত এই নাটকে উঠে এসেছে পারিবারিক সম্পর্ক, ভালোবাসা, দ্বন্দ্ব ও মমত্ববোধের গল্প। শুরু থেকেই ফাহাদ, সামির, মেহরীন ও সায়রাসহ প্রতিটি চরিত্র দর্শকদের মন জয় করে নিয়েছে।

এখন পর্যন্ত ৫০টি পর্ব প্রচারিত হয়েছে নাটকটির। নির্মাতা জানিয়েছেন, মোট ৫২ পর্বে শেষ হবে জনপ্রিয় এই ধারাবাহিক। প্রতি মঙ্গল ও বুধবার রাত ৯টা ৩০ মিনিটে চ্যানেল আই-এ প্রচারের পাশাপাশি পরবর্তীতে ইউটিউবেও দেখা যাচ্ছে নাটকটি।

 

এলআইএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।