বিশ্বকাপ স্কোয়াড ঘোষণার আগে নেইমারের অদ্ভুত বদলি  

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৯:৪২ এএম, ১৮ মে ২০২৬

 

ব্রাজিলিয়ান লিগে ঘরের মাঠে কোরিতিবার ৩-০ ব্যবধানে হেরেছে সান্তোস। তবে সেই ম্যাচে ক্লাবটির পরাজয়ের চেয়ে বেশি আলোচনায় নেইমারকে ভুলবশত চতুর্থ কর্মকর্তা মাঠের বাইরে পাঠিয়ে দেওয়া।

রোববার ব্রাজিলিয়ান লিগের এই ম্যাচটি ছিল ব্রাজিলের বিশ্বকাপ দল ঘোষণার আগে নেইমারের নিজেকে প্রমাণের শেষ সুযোগগুলোর একটি।

৩৪ বছর বয়সী এই তারকা ফরোয়ার্ড ২০২৩ সালের অক্টোবরে এসিএল ইনজুরিতে পড়ার পর থেকেই ফিটনেস ফিরে পেতে লড়াই করছেন। গত এক বছরের বেশি সময় ধরে তিনি চেষ্টা করে যাচ্ছেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তিকে বোঝাতে যে, জাতীয় দলে জায়গা পাওয়ার যোগ্যতা এখনও তার আছে। আজ সোমবার দিবাগত রাতে ব্রাজিলের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করা হবে

ম্যাচের ৬৫ মিনিটে ঘটনাটি ঘটে। তখন কোরিতিবা ইতোমধ্যে ৩-০ গোলে এগিয়ে এবং সাম্প্রতিক সময়ে ফর্মে ফেরা নেইমারও ম্যাচে খুব একটা প্রভাব ফেলতে পারছিলেন না।

সেই সময় মাঠে দাঁড়িয়ে তার ডান পায়ের কাফে স্প্রে করছিলেন দলের ডাক্তার। তখন রেফারি তাকে সাইডলাইনে গিয়ে চিকিৎসা নিতে বলেন। কয়েক সেকেন্ডের মধ্যেই চতুর্থ রেফারি বদলির বোর্ডে ১০ নম্বর, অর্থাৎ নেইমারের নাম দেখান এবং রবিনহো মাঠে নেমে পড়েন। নেইমার পরে বলেন, ‘আমি জানতাম রবিনহো নামবে, কিন্তু আমি বোর্ডের দিকে তাকাইনি। আমি বুঝতেই পারিনি আমাকে বদলি করা হয়েছে। এটা কর্মকর্তাদের, বিশেষ করে বোর্ডে নম্বর দেখানো ব্যক্তির বড় ভুল।’

পরে সান্তোস কোচ কুকা এবং নেইমার নিজে চতুর্থ কর্মকর্তা ও রেফারি পাওলো চেজার জানোভেল্লিকে জানান, আসলে বদলি হওয়ার কথা ছিল ডিফেন্ডার গনসালো এস্কোবার। যিনি ৩১ নম্বর জার্সি পরে খেলছিলেন।

তবে বদলি মেনে নিতে অস্বীকৃতি জানানোর কারণে নেইমারকে হলুদ কার্ড দেখান রেফারি। এরপর নেইমার অফিসিয়াল বদলির কাগজটি নিয়ে সম্প্রচারকারীদের সামনে দেখান, যেখানে তার বদলে এসকোবারের নম্বর লেখা ছিল।

ম্যাচ শেষে কোচ কুকা বলেন, ‘হ্যাঁ, এটা চতুর্থ কর্মকর্তার ভুল ছিল। কিন্তু এজন্য আমরা ম্যাচ হেরেছি, এ কথা বলা ঠিক হবে না।’

আইএন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।