শেখ জামালের কোচ হলেন রক্সি
নাইজেরিয়ান যোসেফ আফুসি নীরবে চলে যাওয়ার ২৪ ঘন্টার মধ্যেই নতুন কোচ নিয়োগ দিয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। জাতীয় অনূর্ধ্ব-১৮ ও ১৯ দলের কোচ মাহবুব হোসেন রক্সি প্রিমিয়ার লিগের বাকি ম্যাচগুলোয় দাঁড়াবেন তিনবারের চ্যাম্পিয়ন দলটির ডাগআউটে।
বুধবার দুপুরে রক্সির সঙ্গে কথাবার্তা চূড়ান্ত করেছেন ক্লাবটির গভর্নিং বডির চেয়ারম্যান মনজুর কাদের। নতুন দায়িত্ব পাওয়ার কথা জাগো নিউজকে নিশ্চিত করেছেন যুব দলের হয়ে সফলতা দেখানো বাফুফের কোচ রক্সি।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের তিনবারের চ্যাম্পিয়ন শেখ জামাল ধানমন্ডি ক্লাব গত মৌসুমে সফিকুল ইসলাম মানিককে বিদায় করে ফিরিয়ে এনেছিল তাদের সাবেক কোচ নাইজেরিয়ার যোসেফ আফুসিকে। কিন্তু রহস্যের জন্ম দিয়ে মঙ্গলবার সকালে কাউকে কিছু না বলে চলে গেছেন দলের সাবেক এ খেলোয়াড়।
আফুসি ইংল্যান্ডের মেকন ফুটবল সার্ভিসেস নামের একটি ফুটবল এজেন্টের সিইও হিসেবে চাকরি নিয়েছেন বলে জানা গেছে। শেখ জামাল আফুসির এভাবে চলে যাওয়ায় বিস্মিত হয়েছে।
শেখ জামাল ধানমন্ডি ক্লাব বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বিতীয় পর্বের প্রথম ম্যাচে মোহামেডানকে ৩-০ গোলে বিধ্বস্ত করে উঠেছে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে। শিরোপা পুনরূদ্ধারে শক্তভাবে টিকে থাকা ক্লাবটির দায়িত্ব নেয়াকে নতুন চ্যালেঞ্জ হিসেবে দেখছেন মাহবুব হোসেন রক্সি।
এই প্রথম প্রিমিয়ারের কোনো ক্লাবের দায়িত্ব পাওয়ার পর রক্সি বলেছেন,‘সুযোগ যখন পেয়েছি তখন সেটাকে কাজে লাগানোর চেষ্টা করবো। দল এখন ভালো অবস্থানে আছে। আমার লক্ষ্য থাকবে এর চেয়ে ভালোভাবে লিগ শেষ করা।’
কোচ পরিবর্তনে শেখ জামালের নামটিই আগে আসে। সেখানে দায়িত্ব নিয়ে কী স্বাচ্ছন্দে কাজ করতে পারবেন যুব দলের সফল এ কোচ? ‘কাদের ভাই (মনজুর কাদের) আমাকে বলেছেন ‘তুমি তোমার মতো করে কাজ করবে। আমি যুব দলের ম্যাচগুলো ফলো করেছি। তোমার দল পরিচালনা আমার ভালো লেগেছে। আমাদের দলটি তারুণ্য নির্ভর। আশা করি এদের নিয়ে তুমি ভালো কাজ করতে পারবে। কারণ তুমিও বেশ কয়েকমাস ধরে যুবাদের নিয়ে কাজ করছো’-বলেন মাহবুব হোসেন রক্সি।
নতুন কোচকে আপাতত লিগের বাকি ম্যাচগুলোর জন্য নিয়োগ দিয়েছে শেখ জামাল। রক্সি বলেছেন, ‘লিগে কাজ করি। যদি সব কিছু মসৃণভাবে চলে তাহলে দুই পক্ষই বিবেচনা করব।’ রক্সি বাফুফের বেতনভূক্ত কোচ। কোনো ক্লাবের দায়িত্ব পালন করতে তার অনুমতি লাগবে দেশের ফুটবলের অভিভাবক সংস্থাটির।
শেখ জামাল ধানমন্ডি ক্লাবের দায়িত্ব নিতে যাওয়া মাহবুব হোসেন রক্সি অবশ্য এটাকে সমস্যা মনে করছেন না। তিনি বলেন, ‘আমি বাফুফের কাছ থেকে মৌখিক অনুমতি নিয়েছি। লিখিত অনুমতিও পেয়ে যাবো।’
আরআই/এমএমআর/এমএস