মায়ের কোলে রোনালদো-কন্যা
দিন দুয়েক আগে ক্রিশ্চিয়ানো রোনালদো তার পরিবারে নতুন অতিথি আসার খবর জানিয়েছেন সবাইকে। পর্তুগীজ যুবরাজ হয়েছেন মেয়ের বাবা। এবার সন্তান কোলে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি পোস্ট করেছেন রোনালদোর গার্লফ্রেন্ড জর্জিনা রদ্রিগেজ।
রোনালদো তার মেয়ের নামটি আগেই জানিয়ে দিয়েছিলেন। চতুর্থ সন্তানের নাম রেখেছেন অ্যালেনা মার্টিনা। সন্তান জন্মের পর মা-মেয়ে ও ছেলেকে সঙ্গে নিয়ে হাসপাতালে একটি ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের সঙ্গে শেয়ার করেছিলেন রিয়াল তারকা। সে ছবিতে মেয়ের চেহারা ভালোভাবে দেখা যায়নি। এবারও নতুন অতিথিকে একটু গোপন করেই রেখেছেন মা জর্জিনা।
তবে আদরের কন্যা সুন্দরভাবে পৃথিবীতে আসতে পারায় নিজের অাবেগী অনুভূতিই প্রকাশ করেছেন জর্জিনা। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টগ্রামের মাধ্যমে হাসপাতালের সবাইকে ধন্যবাদ জানাতেও ভুল করেননি রোনালদোর গার্লফ্রেন্ড।
আবেগী ভাষায় তিনি লিখেছেন, 'একজন মা হিসেবে ঘরে নতুন একজনকে তুলে ধরতে পারাটা ভীষণ আনন্দের। অ্যালেনা মার্টিনা আসার পর আমরা আনন্দে একেবারে পরিপূর্ণ। সন্তান জন্মদানের পূর্বে ও পরে হেলথকেয়ারের স্টাফরা আমাকে যে সেবা দিয়েছেন, সেটার জন্য অশেষ ধন্যবাদ। আমাদের আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব এবং যারা ফোন, মেসেজ দিয়ে খোঁজ নিয়েছেন তাদেরও ধন্যবাদ।'
এমএমআর/আইআই