ফুটবল ক্লাব সমিতি পুনরুজ্জীবিত
হারিয়ে যাওয়া ফুটবল ক্লাব সমিতি আবার নতুন জীবন পেয়েছে। দীর্ঘ প্রায় দেড় যুগ অস্তিত্বহীন থাকা ক্লাবগুলোর এ সংগঠনটি পুনরুজ্জীবিত করলেন বাফুফের আগামী নির্বাচনে সভাপতি প্রার্থী হওয়ার ঘোষণা দেয়া তরফদার মো. রুহুল আমিন, যিনি বাংলাদেশ জেলা ও বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশনেরও মহাসচিব। মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে তরফদার মো. রুহুল আমিনকে সভাপতি ও আরামবাগ ক্রীড়া সংঘের সভাপতি মুমিনুল হক সাঈদকে সম্পাদক ঘোষণা করা হয়েছে এই সংগঠনের।
সংগঠনের নাম বাংলাদেশ ফুটবল ক্লাব অ্যাসোসিয়েশন। বাংলাদেশ প্রিমিয়ার লিগ, চ্যাম্পিয়নশিপ, প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিভাগ লিগের ৬৯ টি ক্লাবকে এ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিল। তরফদার মো. রুহুল আমিনের ডাকে ৫৭ টি ক্লাব প্রতিনিধি এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
ক্লাব সমিতি থাকলে ক্লাবগুলো এক জোট হয়ে বাফুফের সঙ্গে বিভিন্ন দাবিদাওয়া নিয়ে কর কষাকষি করতে পারে। এ ধারণা থেকেই এ সংগঠনটি তৈরি হয়েছিল নব্বইয়ের দশকে। সর্বশেষ সংগঠনের সভাপতি ছিলেন ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাবের তৎকালীন সভাপতি মিজানুর রহমান খান দিপু। তার মৃত্যুর পর এ সংগঠনের কোনো কার্যক্রম ছিল না।
তরফদার মো. রুহুল আমিন সাইফ স্পোর্টিং ক্লাবের চেয়ারম্যান। চট্টগ্রাম আবাহনীর ফুটবল কমিটির চেয়ারম্যানের দায়িত্ব নেয়ার মধ্যে দিয়ে ক্রীড়াঙ্গনে আগমন তার। এখন তিনি গঠন করেছেন সাইফ স্পোর্টিং ক্লাব। যে ক্লাবটি গত মৌসুমে বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগ থেকে প্রিমিয়ারে উঠেছে।
ক্লাব সমিতির নতুন সভাপতি তরফদার মো. রুহুল আমিন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের বর্তমান নেতৃত্বের কঠোর সমালোচনা করে বলেছেন, ‘গত ১০ বছরে দেশ অনেক এগিয়ে গেছে। এগিয়ে গেছে ক্রিকেটসহ অন্য অনেক খেলা। শুধু পিছিয়েছে ফুটবল। কারণ, ফুটবল ব্যবহার হয়ে আসছে ব্যক্তিগত স্বার্থে। ফুটবলের এ অধঃপতন লজ্জাজনক। বিদায়ী বছরটি দেশের ফুটবলের কালো অধ্যায় হয়ে থাকবে। কারণ, ২০১৮ সালে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিভাগ লিগ হয়নি। বাংলাদেশ প্রিমিয়ার লিগও শুরু হয়েছে ২০১৯ সালে। তাও স্পন্সর ছাড়া। ফুটবল যে একটা প্রডাক্ট, তা বিক্রিও করতে পারে না বাফুফে।’
বাফুফের সাবেক সভাপতি এসএ সুলতান টিটু তার বক্তৃতায় বলেছেন, ‘ফুটবলার হিসেবে কাজী সালাউদ্দিনকে আমি স্নেহ করতাম। তাকে ফেডারেশনে এনে সম্মানও দিয়েছিলাম। কিন্তু সেটাই মনে হয় আমার বড় ভুল ছিল। সালাউদ্দিন নিজের বাইরে আর কিছু ভাবতে পারে না।’
আরও বক্তব্য দিয়েছেন প্রবীণ ক্রীড়া সংগঠক মোজাফফর হোসেন পল্টু, বাফুফের সহসভাপতি বাদল রায়, নোফেল স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শাহিন, সাবেক ফুটবলার আবদুল গাফফার, হাসানুজ্জামান খান বাবলু ও ওয়াহিদুজ্জামান খান পিন্টু।
অনুষ্ঠানে আগামী মাসে কক্সবাজারে ফুটবলের মহা সম্মেলনের ঘোষণা দেয়া হয়েছে। এ ছাড়া বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগের ক্লাবগুলোকে ৫ লাখ টাকা, প্রথম বিভাগের ক্লাবগুলোকে সাড়ে ৩ লাখ টাকা, দ্বিতীয় বিভাগের ক্লাবগুলোকে আড়াই লাখ টাকা ও তৃতীয় বিভাগের ক্লাবগুলোকে ২ লাখ টাকা করে অনুদান নেয়ার ঘোষণা দিয়েছে তরফদার মো. রুহুল আমিন।
আরআই/এমএমআর/এমএস