পাকিস্তান সিরিজে কেমন হতে পারে বাংলাদেশ দল?

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৯:১৮ পিএম, ০২ মার্চ ২০২৬

আজ ইফতারের আগপর্যন্ত নির্বাচকদের চূড়ান্ত খেলোয়াড় তালিকা বোর্ডে জমা পড়েনি। সোমবার রাতেও প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দল বোর্ডে জমা দিতে পারেন। সেক্ষেত্রে আগামীকাল ৩ মার্চ বিসিএল ওয়ানডে চলাকালীন কিংবা ইনিংস বিরতিতেও দল ঘোষণা হতে পারে—এমন সম্ভাবনাই বেশি। না হলে ৪ মার্চ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে টিম বাংলাদেশের স্কোয়াড। যদিও আফগানিস্তানের সঙ্গে সীমান্ত সংঘাতে জড়িযে পড়েছে পাকিস্তান। আঞ্চলিক এই উত্তেজনার কারণে অনিশ্চিত হয়ে পড়েছে পাকিস্তান দলের বাংলাদেশ সফর।

শেষ পর্যন্ত সিরিজ হলেও প্রশ্ন একটাই—কারা থাকবেন পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে দলে? গত বছর অক্টোবরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেরেবাংলায় অনুষ্ঠিত তিন ম্যাচের সিরিজে যে দল খেলেছিল, সেটিই কি বহাল থাকবে, নাকি আসবে পরিবর্তন?

খারাপ ফর্মের কারণে ওই সিরিজে জায়গা পাননি লিটন দাস। যদিও টি-টোয়েন্টিতে তিনি সাম্প্রতিক সময়ে ছন্দে ফিরেছেন, কিন্তু ৫০ ওভারের ক্রিকেটে রান পাচ্ছিলেন না। শেষ আট ওয়ানডেতে (০, ০, ৪, ২, ০, ০, ১*, ৬) তার মোট সংগ্রহ ছিল মাত্র ১৩ রান। ফর্মহীনতার কারণে উইকেটকিপার-ব্যাটসম্যান কোটায় নেওয়া হয়েছিল নুরুল হাসান সোহান ও জাকের আলী অনিককে।

এখন প্রশ্ন—লিটন কি ফিরবেন? তাকে দলে ফেরানোর চিন্তা কি আছে টিম ম্যানেজমেন্টের? লিটনকে দলে নিতে হলে জাকের বা সোহানের একজনকে বাদ পড়তে হতে পারে।

পরিসংখ্যান বলছে, লিটনকে ফেরানোর আগে নির্বাচকদের দু’বার ভাবতে হতে পারে। রাজশাহী ও বগুড়ায় অনুষ্ঠিত বিসিএল ওয়ানডেতেও তার ব্যাট হাসেনি। তিন ম্যাচে (০, ৫৫*, ১০) করেছেন মোট ৬৫ রান। অর্থাৎ ৫০ ওভারের ফরম্যাটে এখনও পুরোপুরি ছন্দে ফেরা হয়নি তার।

তবে লিটনের ব্যাটিং কৌশল, শট খেলার দক্ষতা ও নান্দনিকতা সোহান, জাকের বা অংকনের তুলনায় এগিয়ে। ফর্মে থাকলে যে কোনো কন্ডিশনে দলের জন্য বড় সম্পদ তিনি। শোনা যাচ্ছে, পাকিস্তানের বিপক্ষে তাকে চার নম্বরে খেলানোর চিন্তা করা হচ্ছে।

সেক্ষেত্রে জাকের, সোহান বা মাহিদুল ইসলাম অংকন—এই তিনজনের মধ্যে একজন বা একাধিকজন বাদ পড়তে পারেন। তবে তাদের কারোরই সাম্প্রতিক পারফরম্যান্স খুব ভালো নয়। বিসিএলে সোহান দুই ম্যাচে (২৪, ০) করেছেন ২৪ রান। উমরাহ পালনের কারণে প্রথম দুই ম্যাচ খেলতে পারেননি জাকের,। এক ম্যাচে ব্যাট করে করেছেন মাত্র ৫ রান।

অংকন ওয়েস্ট ইন্ডিজ সিরিজে (৪৬, ১৭, ৬) সুযোগ পেয়েও নিজেকে মেলে ধরতে পারেননি। তবে এবারের বিসিএলে তার পারফরম্যান্স ভালো। তিন ম্যাচে ভালোই (৬৭, ১২, ৩৯) রান করেছেন।

সব হিসাব-নিকাশ শেষে যদি নির্বাচকরা লিটনকে ফেরান, তাহলে সোহান, জাকের বা অংকনের কেউই নাও থাকতে পারেন। সেক্ষেত্রে সুযোগ পেতে পারেন আকবর আলী। তিনি সাম্প্রতিক সময়ে ভালো ফর্মে আছেন এবং বিসিএল ওয়ানডেতে একটি সেঞ্চুরি (১১১) করেছেন। ফলে তাকে দলে দেখলে অবাক হওয়ার কিছু থাকবে না।

স্পিনার কোটায় রিশাদ হোসেন ও অধিনায়ক মেহেদি হাসান মিরাজ প্রায় নিশ্চিত। তৃতীয় স্পিনার হিসেবে তানভীর ইসলামকে রাখা হবে, নাকি বাঁহাতি রাকিবুল হাসান সুযোগ পাবেন—সেটিও দেখার বিষয়।

পেস আক্রমণে তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও হাসান মাহমুদ প্রায় নিশ্চিত। চতুর্থ পেসার হিসেবে তানজিম সাকিব থাকবেন, নাকি বাঁহাতি শরিফুল ইসলাম সুযোগ পাবেন, তা নিয়েও আলোচনা চলছে।

দল ঘোষণা কবে? জানা গেছে, বিসিএল ফাইনালের দিনই স্কোয়াড জমা দেওয়া হবে। অর্থাৎ ৩ বা ৪ মার্চের মধ্যেই ঘোষণা আসতে পারে। কারণ ৬ মার্চ থেকে পাকিস্তান সিরিজের প্রস্তুতি শুরু হবে শেরেবাংলায়। অন্তত ৪৮ ঘণ্টা আগে দল ঘোষণা করা হবে বলেই ধারণা।

পাকিস্তান সিরিজে বাংলাদেশের সম্ভাব্য স্কোয়াড

মেহেদি হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ তামিম, সাইফ হাসান, লিটন দাস, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, নুরুল হাসান সোহান/মাহিদুল ইসলাম অংকন বা আকবর আলী, রিশাদ হোসেন, রাকিবুল হাসান, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম ও হাসান মাহমুদ।

এখন দেখার পালা—শেষ পর্যন্ত নির্বাচকদের চমক কোথায় থাকে।

এআরবি/আইএন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।