আন্তর্জাতিক হকিতে অভিষেকের অপেক্ষায় বাংলাদেশের মেয়েরা

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৬:৫১ পিএম, ০৯ এপ্রিল ২০২৬

বাংলাদেশের মেয়েরা বয়সভিত্তিক পর্যায়ে আন্তর্জাতিক হকিতে অংশ নিলেও জাতীয় দল কখনোই গঠন হয়নি। এই প্রথম সেই ঐতিহাসিক মুহূর্ত আসছে বাংলাদেশের মেয়েদের সামনে। আগামী ২৩ এপ্রিল ইন্দোনেশিয়ার জাকার্তায় চাইনিজ তাইপের বিপক্ষে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক হকিতে অভিষেক হবে বাংলাদেশ জাতীয় নারী হকি দলের।

বৃহস্পতিবার থাইল্যান্ডে হংকংকে পেনাল্টি শ্যুটআউটে হারিয়ে পুরুষ দল জাপানে অনুষ্ঠিতব্য এশিয়ান গেমসে খেলার টিকিট নিশ্চিত করেছে। এবার মেয়েদের পালা। অর্পিতা পাল-শারিকা সাফা রিমনরাও খেলবেন এশিয়ান গেমস হকির বাছাই পর্ব।

বাংলাদেশ হকি ফেডারেশন ছেলে ও মেয়েদের দুটি দলই এশিয়ান গেমসে পাঠানোর পরিকল্পনা করেছিল। যার অংশ হিসেবে বাছাইয়ে খেলা। তবে মেয়েদের বাছাইয়ে অংশ নেওয়া অনিশ্চিত হয়ে পড়েছিল।

এশিয়ান গেমসে দল পাঠিয়ে থাকে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)। দুটি দল পাঠাতে বিশাল খরচের ব্যাপার রয়েছে। তাই এক সময় মেয়েদের বাছাই পর্বে পাঠানোর পরিকল্পনা থেকে সরে এসেছিল বাংলাদেশ হকি ফেডারেশন।

তবে বিওএ এই শর্তে রাজি হয়েছে যে, বাছাইয়ের খরচ ফেডারেশন বহন করবে এবং কোয়ালিফাই করলে তারা দল এশিয়ান গেমসে পাঠাবে। তারপর আবার চূড়ান্ত হয় এশিয়ান গেমস বাছাইয়ে মেয়েদের অংশগ্রহণ।

বাংলাদেশ জাতীয় নারী হকি দল গঠনের জন্য ক্যাম্প চলছে ১ ফেব্রুয়ারি থেকে। বিকেএসপির মেয়েদের বাইরে জেলার কয়েকজন খেলোয়াড় নিয়ে অনুশীলন করাচ্ছেন বাছাই পর্বের জন্য নির্বাচিত কোচ জাহিদ হোসেন রাজু। বৃহস্পতিবার তিনি জাগো নিউজকে বলেছেন, ‘২৬ জন নিয়ে ট্রেনিং চলছিল। সেখান থেকে ১৮ জন চূড়ান্ত করা হয়েছে জাকার্তার জন্য।’ বাংলাদেশ দল ১৯ বা ২০ এপ্রিল দল জাকার্তার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবে।

৮টি দল বাছাইয়ে অংশ নেবে। সেখান থেকে এশিয়ান গেমসে কোয়ালিফাই করবে চারটি দল। বাংলাদেশ পড়েছে ‘এ’ গ্রুপে। প্রতিপক্ষ চাইনিজ তাইপে, হংকং ও উজবেকিস্তান। ‘বি’ গ্রুপের দলগুলো হচ্ছে- ইন্দোনেশিয়া, কাজাখস্তান, সিঙ্গাপুর ও শ্রীলংকা। ২৩ এপ্রিল চাইনিজ তাইপের বিপক্ষে অভিষেক আন্তর্জাতিক ম্যাচ খেলার পর বাংলাদেশ শেষ দুই ম্যাচ খেলবে ২৪ এপ্রিল উজবেকিস্তান ও ২৬ এপ্রিল হংকংয়ের বিপক্ষে।

ইতিহাস গড়তে যাওয়া জাতীয় দলে যারা আছেন

অর্পিতা পাল, হিমাদ্রি বড়ুয়া সুখ, নীলাদ্রি বড়ুয়া নীল, রিয়াশা আক্তার ঋষি, নিনিশেন রাখাইন, তন্নি খাতুন, ধানুচিং মারমা, শারিকা সাফা রিমন, ফাতেমা তুজ-জোহরা, আইরিন আক্তার রিয়া, নাদিরা তালুকদার এমা, কনা আক্তার, জাকিয়া আফরোজ লিমা, মহুয়া, সানজিদা আক্তার মনি, রিতু আক্তার, ফারদিয়া আক্তার রাত্রি ও নাদিরা।

আইএইচএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।