এশিয়ান ইনডোর অ্যাথলেটিকস
সেমিফাইনাল থেকে ইমরানুরের বিদায়
চীনের তিয়ানজিন শহরে চলমান ১২তম এশিয়ান ইনডোর অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপের ৬০ মিটার স্প্রিন্টের সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছেন বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর রহমান। শুক্রবার অনুষ্ঠিত সেমিফাইনালে ইমরানুর রহমান ৬.৭৫ সেকেন্ড সময় নিয়ে অল্পের জন্য ফাইনালে উঠতে ব্যর্থ হন।
এর আগে, ইমরানুর হিটে ৬.৭৩ সেকেন্ড সময় নিয়ে সেমিফাইনালে উঠেছিলেন। সেমিফাইনালে তিনি হিটে করা টাইমিং করতে পারেননি। অষ্টম হয়ে ফাইনালে ওঠা চীনের জিনজিয়ান হে সময় নিয়েছেন ইমরানের চেয়ে মাত্র ০.০১ সেকেন্ড কম।
২০২৩ সালে কাজাখস্তানে এশিয়ান ইনডোর অ্যাথলেটিকসে ৬০ মিটার স্প্রিন্টে সোনা জিতে চমক দেখিয়েছিলেন ইমরানুর। অ্যাথলেটিকসে এশিয়ার শীর্ষ স্তরে যা বাংলাদেশের কোনো অ্যাথলেটের সর্বোচ্চ পদক।
২০২৪ সালে ইরানের তেহরানে অনুষ্ঠিত এশিয়ান ইনডোরেও অংশ নিয়ে ইমরানুর ৬০ মিটার স্প্রিন্টে চতুর্থ হয়েছিলেন। চোট সমস্যা কাটিয়ে গত আগস্টে জাতীয় অ্যাথলেটিকসে দ্রুততম মানবের মুকুটও পুনরুদ্ধার করেন ইমরানুর।
এশিয়ান ইনডোরে এখন পর্যন্ত বাংলাদেশ থেকে তিনজন পদক জিতেছেন। ইমরানুর ছাড়াও রুপা আছে জহির রায়হানের, ব্রোঞ্জ মাহফুজুর রহমানের। ২০২৪ সালে ৪০০ মিটার স্প্রিন্টে জহির ৪৮.১০ সেকেন্ড সময় নিয়ে দ্বিতীয় হন। একই বছর হাই জাম্পে ২.১৫ মিটার লাফিয়ে তৃতীয় হন মাহফুজুর।
আরআই/আইএন