টি-২০ বিশ্বকাপ

টিকে থাকার লড়াই পাকিস্তানের, ইংল্যান্ড চায় সেমিফাইনাল নিশ্চিত করতে

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১:০৫ এএম, ২৪ ফেব্রুয়ারি ২০২৬

টি-টোয়েন্টি বিশ্বকাপের শুরুটা একপেশে মনে হলেও দক্ষিণ আফ্রিকার ভারতের বিপক্ষে ৭৬ রানের দুর্দান্ত জয়ের পর টুর্নামেন্টের চিত্র অনেকটাই বদলে গেছে। গ্রুপ পর্বেই অস্ট্রেলিয়ার বিদায় নিয়েছে। যা দেখিয়ে দিয়েছে কেউই অপ্রতিরোধ্য নয়। তবে এখনো পর্যন্ত ইংল্যান্ড ও পাকিস্তানের পারফরম্যান্স পুরোপুরি বিশ্বাস জাগাতে পারেনি।

ইংল্যান্ড টুর্নামেন্ট শুরু করে নেপালের বিপক্ষে মাত্র ৪ রানের জয়ে। এরপর ওয়েস্ট ইন্ডিজের কাছে হার, তারপর স্কটল্যান্ড ও ইতালির বিপক্ষে স্নায়ুচাপের জয়। অন্যদিকে পাকিস্তানও নেদারল্যান্ডসের বিপক্ষে হোঁচট খেতে খেতে জিতেছে, ভারতের কাছে ৬১ রানে হেরেছে, আর যুক্তরাষ্ট্র ও নামিবিয়াকে হারিয়েছে।

সুপার এইটে পাকিস্তানের প্রথম ম্যাচ নিউজিল্যান্ডের বিপক্ষে বৃষ্টিতে পরিত্যক্ত হয়। ফলে ভাগাভাগি পয়েন্ট নিয়ে তাদের সেমিফাইনালে ওঠার আশা এখন অনেকটাই অনিশ্চিত। ইংল্যান্ডকে হারাতে পারলে টিকে থাকবে সেমিতে ওঠার আশা। হারলে বিদায়ই নিশ্চিত হয়ে যাবে পাকিস্তানের।

অন্যদিকে ইংল্যান্ড অবশ্য সুপার এইটে শ্রীলঙ্কাকে ৫১ রানে হারিয়েছে; কিন্তু ৯ উইকেটে ১৪৬ রানের সাধারণ সংগ্রহ রক্ষা করতে হয়েছে- যেখানে ফিল সল্টের হাফসেঞ্চুরি ছাড়া বড় ইনিংস ছিল না। তবে পাকিস্তানকে এই ম্যাচে হারাতে পারলে ইংল্যান্ডের সেমিফাইনসালে ওঠা অনেকটাই সহজ হয়ে যাবে।

দুই দলের ওপেনাররাই এখন চাপে। ইংল্যান্ডের জস বাটলার ও পাকিস্তানের সাইম আইয়ুব- এই টুর্নামন্টে এ দুজনের সম্মিলিত রান মাত্র ১২৩। পাকিস্তানের অন্য ওপেনার সাহিবজাদা ফারহান অবশ্য দুর্দান্ত ফর্মে, ২২০ রান করে টুর্নামেন্টের সর্বোচ্চ সংগ্রাহক। তবে বাবর আজমের স্ট্রাইক রেট (১১৫.৭৮) নিয়ে প্রশ্ন উঠেছে। ভারতের বিপক্ষে ব্যয়বহুল বোলিংয়ের পর শাহীন শাহ আফ্রিদিকে একাদশের বাইরে রাখা হয়েছে।

ইংল্যান্ডের ক্ষেত্রে উইল জ্যাকস তিন ম্যাচে ‘প্লেয়ার অব দ্য ম্যাচ’ হয়ে দলকে ভরসা দিয়েছেন। পাল্লেকেলে মাঠে সাম্প্রতিক সময়ে চার ম্যাচে চার জয়ে তারা প্রায় ‘হোম অ্যাডভান্টেজ’-এর স্বাদ পাচ্ছে।

জস বাটলার পাঁচ ইনিংসে মাত্র ৬০ রান করেছেন। অধিনায়ক হ্যারি ব্রুক তার ওপর আস্থা রাখলেও বড় ম্যাচে তাকে রান করতেই হবে। অন্যদিকে পাকিস্তানের পেস আক্রমণে সালমান মির্জা গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন, বিশেষ করে যদি স্পিন সহায়ক উইকেটে দল চার স্পিনার নিয়ে মাঠে নামে।

সম্ভাব্য একাদশ

ইংল্যান্ড

ফিল সল্ট, জস বাটলার (উইকেটরক্ষক), জ্যাকব বেথেল, টম ব্যান্টন, হ্যারি ব্রুক (অধিনায়ক), স্যাম কারান, উইল জ্যাকস, লিয়াম ডসন, জেমি ওভারটন, জোফরা আরচার, আদিল রশিদ।

পাকিস্তান

সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, সালমান আলি আগা (অধিনায়ক), বাবর আজম, ফাখর জামান, শাদাব খান, উসমান খান (উইকেটরক্ষক), মোহাম্মদ নওয়াজ, ফাহিম আশরাফ, সালমান মির্জা, উসমান তারিক।

পিচ ও আবহাওয়া

ম্যাচটি হবে নতুন উইকেটে, যা ব্যাটিংয়ের জন্য তুলনামূলক ভালো হওয়ার কথা। আগের ম্যাচে উইকেট কিছুটা ধীর ছিল, তবে বড় বৃষ্টি না থাকায় এবার রৌদ্রোজ্জ্বল আবহাওয়ায় ভালো ব্যাটিং কন্ডিশন প্রত্যাশা করা হচ্ছে। তাপমাত্রা থাকতে পারে প্রায় ৩১ ডিগ্রি সেলসিয়াস।

পরিসংখ্যান বলছে

  • টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে তিনবারই জিতেছে ইংল্যান্ড।
  • সর্বশেষ পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচেও পাকিস্তানকে হারিয়েছে ইংল্যান্ড।
  • উইল জ্যাকস এবারের বিশ্বকাপে তিনবার ম্যাচসেরা হয়েছেন।

ম্যাচের গুরুত্ব

ইংল্যান্ড জিতলে সেমিফাইনালের পথ অনেকটাই পরিষ্কার হবে। পাকিস্তানের জন্য এটি কার্যত বাঁচা-মরার লড়াই। পাল্লেকেলেতে দ্রুত মানিয়ে নিতে না পারলে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ার শঙ্কা রয়েছে তাদের।

সব মিলিয়ে, একদিকে ‘ঘরের মাঠের’ আত্মবিশ্বাস, অন্যদিকে টিকে থাকার তীব্র চাপ- এই দুই বিপরীত আবহেই হতে যাচ্ছে গুরুত্বপূর্ণ এই লড়াই।

আইএইচএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।