মেসির সতীর্থ হতে যাচ্ছেন ক্যাসেমিরো!

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৯:৩৭ এএম, ৩০ মার্চ ২০২৬

বলা চলে ইউরোপীয় ফুটবলে নিজের ক্যারিয়ারের শেষ অধ্যায়ে পৌঁছে গেছেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার ক্যাসেমিরো। চোটের কোনো সমস্যা না থাকলে আসন্ন ফিফা বিশ্বকাপে ব্রাজিলের স্কোয়াডের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য হতে যাচ্ছেন তিনি। নজরে আছেন কোচ কার্লো আনচেলত্তিরও। এসবের মাঝে আবার আগামী জুনে ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে তার চুক্তির মেয়াদ শেষ হচ্ছে এবং তিনি ইতোমধ্যেই জানিয়ে দিয়েছেন, সেটি আর নবায়ন করবেন না।

৩৪ বছর বয়সেও দারুণ ছন্দেই রয়েছেন তিনি। প্রতিটি ম্যাচেই তাকে রেখে দেওয়ার দাবি তুলছেন সমর্থকেরা। ক্লাব কর্তৃপক্ষও চুক্তি বাড়ানোর চেষ্টা করেছিল। কিন্তু সাবেক রিয়াল মাদ্রিদ তারকা নিজের সিদ্ধান্তে অটল। এই অধ্যায়ের ইতি টানতেই চান তিনি। ব্রাজিল ও ফ্রান্সের প্রীতি ম্যাচের পরও একই কথা জানিয়েছেন তিনি।

এদিকে বেশ কিছুদিন ধরেই তাকে দলে ভেড়ানোর চেষ্টা করছে ইন্টার মিয়ামি। দল ছাড়তে যাওয়া সার্জিও বুসকেটসের বিকল্প হিসেবে তার ওপর নজর রেখেছে মেসির ক্লাব। যদিও দুজনের খেলার ধরনে পার্থক্য আছে, তবুও মাঠে প্রভাব বিস্তারের ক্ষেত্রে দুজনই সমান কার্যকর।

ফুটবল সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানোর তথ্য অনুযায়ী, ইতোমধ্যে দুই পক্ষের মধ্যে সরাসরি যোগাযোগও হয়েছে। অন্য প্রস্তাবের তুলনায় ক্যাসেমিরো মিয়ামিতে যোগ দিতেই বেশি আগ্রহী। যেখানে খেলার পরিকল্পনার পাশাপাশি জীবনযাপনের বিষয়টিও তার কাছে গুরুত্বপূর্ণ। এই দিক থেকে সৌদি আরবের প্রস্তাব ততটা আকর্ষণীয় নয় তার কাছে।

এই দলবদল সম্পন্ন হলে, এতদিন মাঠে প্রতিপক্ষ হিসেবে পাওয়া লিওনেল মেসির সঙ্গে একই ড্রেসিংরুমে দেখা যাবে ক্যাসেমিরোকে। ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এই তারকার বিপক্ষে খেলতে গিয়ে বহুবার কঠিন পরিস্থিতিতে পড়েছেন কাসেমিরো, যদিও নিজের দিক থেকেও লড়াইয়ে কখনো ছাড় দেননি তিনি।

আইএন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।