বাড়ি বিক্রি করে বিশ্বকাপ দেখতে যাচ্ছেন ইংল্যান্ডের পাগলা সমর্থক

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৮:৫২ এএম, ২৮ মার্চ ২০২৬

১৯৮২ থেকেই নিয়মিত গ্যালারিতে বসে ফিফা ফুটবল বিশ্বকাপ দেখছেন ইংল্যান্ড ফুটবলের ফ্যান অ্যান্ডি মিলনে। এখন পর্যন্ত মাঠে বসে দেখেছেন ছেলেদের আটটি আর মেয়েদের একটিসহ মোট ৯টি ফিফা বিশ্বকাপ।

এবার তার সামনে এসেছে দশম বিশ্বকাপের খেলা মাঠে বসে দেখার সুযোগ। সে জন্য যেতে হবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয়। যা কিনা খুবই ব্যয়বহুল। এরপরও তিনি হাল ছাড়তে নারাজ। বিশ্বকাপের খেলা দেখার অর্থ যোগাড়ে মনস্থির করেছেন নিজের একটি বাড়ি বিক্রি করেন দেওয়ার।

ইংল্যান্ডের ‘সুপারফ্যান’ হিসেবে পরিচিত ৬২ বছর বয়সী এই ফুটবলপ্রেমী বসবাস করেন থাইল্যান্ডে। তিনি একজন অবসরপ্রাপ্ত শিক্ষক। সবশেষ ২০২২ কাতার বিশ্বকাপের গ্যালারিতে ইংল্যান্ডের জার্সি পরা অবস্থায় তার একটি ছবি ভাইরাল হয়। গ্যালারিতে বিশ্বকাপের একটি রেপ্লিকা ট্রফি হাতে দাঁড়িয়ে ছিলেন তিনি।

বিবিসি তাদের প্রতিবেদনে জানিয়েছে, জুন-জুলাইয়ে উত্তর আমেরিকায় হতে যাওয়া বিশ্বকাপে যাওয়ার খরচ মেটাতে মিলনে চেশায়ারের নর্থউইচে থাকা তার দ্বিতীয় বাড়িটি বিক্রির জন্য নিলামে তুলেছেন। যার বাজারমূল্য প্রায় ৩ লাখ ৫০ হাজার পাউন্ড।

কথা বলেছেন তিনি দ্য মিররের সঙ্গেও, ‘বাড়িটি বাজারে তোলার কারণ আমি এটি বিক্রি করে বিশ্বকাপে যাচ্ছি। কাতারে গত আসরটি ছিল আমার নিজেকে দেওয়া উপহার, যার জন্য আমি বছরের পর বছর ধরে সঞ্চয় করেছিলাম। আর গত ২৭ বছর আমি এই বাড়িটির মালিক। এখনই বিক্রি করে দেওয়ার সেরা সময় মনে হয়েছে।’

ফাইনালসহ সব ম্যাচের টিকিট সংগ্রহ করা মিলনে এবার সাত সপ্তাহ থাকবেন যুক্তরাষ্ট্রে। এছাড়াও বিকল্প ব্যবস্থা করে রেখেছেন আবাসনের, ‘আমি সব সময় সস্তায় কাজ সারার চেষ্টা করি। যেখানে সম্ভব আমি ‘কাউচ সার্ফ’ (বন্ধুবান্ধব বা পরিচিতদের বাসায় থাকা) করব। সৌভাগ্যবশত মেক্সিকো, ডালাস এবং ভ্যানকুভারে আমার কিছু বন্ধু আছে।’

অ্যান্ডি মিলনে ইংল্যান্ড ফুটবলের পাগলা সমর্থক। এবারের বিশ্বকাপে ইংল্যান্ড আছে এল গ্রুপে। আগামী.১৮ জুন ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের বিশ্বকাপ অভিযান শুরু করবে ইংল্যান্ড। পরের দুই ম্যাচ ঘানা ও পানামার বিরুদ্ধে।

আইএন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।