কিংবদন্তি অ্যাথলেট সুফিয়াকে যেভাবে সম্মান দেখালেন ক্রীড়া প্রতিমন্ত্রী

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৭:৫৮ পিএম, ০৫ এপ্রিল ২০২৬

গুণীরাই গুণীজনদের সম্মান দিতে জানেন। তার উদাহরণ দিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। রোববার তিনি সাভারে অবস্থিত বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) পরিদর্শনে গিয়েছিলেন। যে মঞ্চে দাঁড়িয়ে বক্তব্য দিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী, সেখানে উপস্থিত ছিলেন দেশের কিংবদন্তি অ্যাথলেট সুফিয়া খাতুন।

লম্বা ফুটবল ক্যারিয়ারে বহুবার আমিনুল হক বিকেএসপিতে গিয়ে ট্রেনিং করেছেন। তখন থেকেই বিকেএসপির এই অ্যাথলেটিক কোচকে চেনেন তিনি। শুধু চেনেনই না, সুফিয়া খাতুন কত বড় অ্যাথলেট ছিলেন তাও জানেন দেশের খেলাধুলার বর্তমান এই অভিভাবক। তাইতো সুফিয়া খাতুনকে দেখে নিজের ভালোলাগা ও সম্মান প্রদর্শন করতে ভোলেননি সাবেক এই তারকা ফুটবলার।

সুফিয়াকে দেখে আবেগপ্লুত হয়ে যান ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তাকে দেখিয়ে ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘আমাদের সুফিয়া আপা। যখন আমি বিকেএসপিতে ট্রেনিং করেছি তখন দেখেছি এই মানুষটি সব সময় ছুটে আসতেন। কে কোন ইভেন্টে কাজ করতেন সেটা তার কাছে মুখ্য ছিল না। তিনি ফুটবল, ক্রিকেটসহ সকল স্পোর্টসে সকলের সাথেই তার সব সময় যোগসূত্র ছিল, আন্তরিকতা ছিল। আমরা যখনই মাঠে ট্রেনিং করেছি কাজ শেষ করে তিনি আমাদের ফুটবল মাঠে চলে আসতেন। আজকে তাকে দেখে আমার এতটাই ভালো লেগেছে, যেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। আমরা এমন গুণী মানুষকে সবসময় সম্মানিত করতে চাই।’

ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, বিকেএসপির লক্ষ্য পূরণে যারা জীবন উৎসর্গ করেছেন তাদের অবদান জাতি সবসময় শ্রদ্ধাভরে স্মরণ করবে। দেশের ক্রীড়াঙ্গনকে বিশ্বমানে উন্নীত করতে তিনি সংশ্লিষ্ট সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলেছেন, ‘প্রধানমন্ত্রীর নেতৃত্বে খেলাধুলার মাধ্যমে শারীরিক ও মানসিক বিকাশ ঘটিয়ে পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় গুণগত পরিবর্তন আনা সম্ভব।’

প্রতিমন্ত্রী হওয়ার পর প্রথমবারে সাভারে অবস্থিত বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) পরিদর্শনে গেলে তাকে স্বাগত জানান প্রতিষ্ঠানের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইফ উল্লাহ।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রী বিকেএসপির জিমনেশিয়ামে প্রশিক্ষণার্থীদের শারীরিক কসরত এবং ২১টি ক্রীড়া বিভাগের মনোমুগ্ধকর ডিসপ্লে উপভোগ করেন। পরে তিনি বিভিন্ন ভেন্যু ঘুরে দেখেন এবং প্রশিক্ষণার্থীদের সাথে সরাসরি কথা বলে তাদের সুযোগ-সুবিধার খোঁজ নেন। প্রতিষ্ঠানের সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে তিনি বিকেএসপিকে আরও আধুনিক ও যুগোপযোগী করে গড়ে তোলার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

আরআই/আইএইচএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।