দ্বিতীয়ার্ধের ৩ গোলে চেলসিকে হারিয়ে আর্সেনালের ওপর চাপ বাড়ালো সিটি

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৮:৪৭ এএম, ১৩ এপ্রিল ২০২৬

বোর্নমাউথের কাছে হেরে ধাক্কা খেয়েছে আর্সেনাল। সেই সুযোগ পুরোপুরি কাজে লাগিয়ে চেলসিকে ৩-০ ব্যবধানে হারিয়ে হারিয়ে প্রিমিয়ার লিগের শিরোপা দৌঁড় আরও জমিয়ে তুলেছে ম্যানচেস্টার সিটি।

স্ট্যামফোর্ড ব্রিজে দ্বিতীয়ার্ধের ৩ গোলে টেবিল টপার আর্সেনালের সঙ্গে এক ম্যাচ হাতে রেখেই সিটি ব্যবধান কমিয়ে এনেছে ৬ পয়েন্ট।

পেপ গার্দিওলার দল প্রথমার্ধে কিছুটা এলোমেলো ছিল। বক্সের বাইরে থেকে রায়ান শেরকির নেওয়া শট সরাসরি গিয়ে লাগে গোলকিপার রবার্ট সানচেজের হাতে। একইভাবে প্রতিহত হয় আন্তোয়ান সেমেনিওর শটও প্রতিহত হয়।

তবে দ্বিতীয়ার্ধে খেলার ধরনই পাল্টে যায় সিটির। ৫১ মিনিটে শেরকির বাড়ানো ক্রসে জোরালো হেডে গোল করে দলকে এগিয়ে দেন নিকো ও’রাইলি।

মিনিট ছয়েক পর আবারও শেরকির পাস থেকে সাবেক চেলসি খেলোয়াড় মার্ক গুইহি নিচু শটে বল জালে জড়িয়ে ব্যবধান বাড়ান।

চেলসির ভাঙন তখন স্পষ্ট। নিজেদের অর্ধে বল হারান মোইসেস কাইসেদো, সুযোগ পেয়ে এগিয়ে গিয়ে নিখুঁত ফিনিশে তৃতীয় গোল করেন জেরেমি ডকু।

এর আগে অফসাইডে বাতিল হয় মার্ক কুকুরেয়ার গোল এবং পেদ্রো নেতোর শট ফিরিয়ে দেন গোলকিপার জিয়ানলুইজি দোনারুম্মা। তবে শেষ পর্যন্ত টানা তৃতীয় লিগ হার এড়াতে পারেনি চেলসি।

আগামী রবিবার ইতিহাদ স্টেডিয়ামে সিটির মুখোমুখি হবে আর্সেনাল। যেখানে শিরোপা লড়াই আরও উত্তপ্ত হওয়ার অপেক্ষা।

আইএন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।