আইপিএল স্পট ফিক্সিং : দুটি দলের শীর্ষ কর্মকর্তারা জড়িত
ভারতের পেশাদার টি-টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট আইপিএল-এ স্পট ফিক্সিং-এ দুটি দলের দু`জন শীর্ষ কর্মকর্তা জড়িত ছিলেন বলে জানিয়েছে দেশটির সর্বোচ্চ আদালত। বৃহস্পতিবার ভারতের সর্বোচ্চ আদালত দু`জন শীর্ষ কর্মকর্তা জড়িত থাকার কথা জানান।
একইসঙ্গে চেন্নাই সুপার কিংস দলের মালিকানা না ছাড়া অবধি ইন্টারন্যশনাল ক্রিকেট কাউন্সিল বা আইসিসি-র প্রধান এন শ্রীনিবাসনকে ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্বাচনে দাঁড়ানোর ওপরে নিষেধাজ্ঞাও দিয়েছে সুপ্রীম কোর্ট।
২০১৩ সালের আইপিএল-এ স্পট ফিক্সিং নিয়ে একটি মামলায় এই রায় দেওয়া হয়েছে।
সুপ্রীম কোর্ট তার রায়ে জানান, ভারতীয় ক্রিকেট বোর্ডের কোনও কর্মকর্তাই আর আইপিএল এর কোনও দলের মালিক থাকতে পারবেন না। বোর্ড সভাপতি এন শ্রীনিবাসন আইপিএল এর চেন্নাই দলের মালিক।
আদালত আরো বলেছে, এটা পরিষ্কারভাবে স্বার্থের সংঘাতের ঘটনা। শ্রীনিবাসন যদি দলের মালিকানা রাখতে চান, তাহলে ক্রিকেট প্রশাসন থেকে সরে যেতে হবে।
একই মামলার রায়ে আদালত বলেছে যে, শ্রীনিবাসন সরাসরি বেটিং আর স্পট ফিক্সিংয়ে সাহায্য করেছেন বা উৎসাহিত করেছেন -এমন প্রমান পাওয়া যায়নি। কিন্তু শ্রীনিবাসনের জামাই মায়াপ্পন গুরুনাথন এবং রাজস্থান দলের মালিক রাজ কুন্দ্রা যে বেটিংয়ে জড়িত ছিলেন, তা প্রমাণিত।
এই দুজনের কী শাস্তি হবে আর চেন্নাই এবং রাজস্থান দলদুটির বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে, তা ঠিক করতে ভারতের এক প্রাক্তন প্রধান বিচারপতির নেতৃত্বে একটি কমিটি গড়ে দিয়েছে আদালত। -বিবিসি
আরএস