ত্রিদেশীয় সিরিজ অস্ট্রেলিয়ার
ত্রিদেশীয় সিরিজে চ্যাম্পিয়ন হয়েছে স্বাগতিক অস্ট্রেলিয়া। টুর্নামেন্টের ফাইনালে তারা ১১২ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে ইংল্যান্ডকে।
পার্থে টসে জিতে অস্ট্রেলিয়াকে ব্যাটিংয়ে পাঠিয়েছিল ইংল্যান্ড। ব্যটিংয়ে নেমে দলীয় ৬০ রানেই টপ অর্ডারের ৪ ব্যাটসম্যানকে হারিয়েছে অস্ট্রেলিয়ানরা। কিন্তু এরপরও ইংল্যান্ডের বোলারদের তুলোধুনো করেছেন স্বাগতিকদের দুই ব্যাটসম্যান মিশেল মার্শ ও গ্লেন ম্যাক্সওয়েল। অল্পের জন্য সেঞ্চুরি বঞ্চিত হয়েছেন ম্যাক্সওয়েল। স্টুয়ার্ট ব্রডের বলে আউট হওয়ার আগে ৯৫ রান করেছেন তিনি। তার ইনিংসে কোনো ছয় না থাকলেও ১৫টি বাউন্ডারি ছিল।
ম্যাক্সওয়েল আউট হলেও বড় স্কোর গড়তে ঝামেলা হয়নি অস্ট্রেলিয়ার। স্টিভেন স্মিথের ৪০, মিচেল মার্শের ৬০ ও জেমস ফকনারের অপরাজিত ৫০ রানে ভর করে নির্ধারিত ওভারে ৮ উইকেট হারিয়ে ২৭৮ রান তুলে ছিল স্বাগতিকরা। ৩টি উইকেট পেয়েছেন স্টুয়ার্ট ব্রড। আর ২টি উইকেট নিয়েছেন জেমস অ্যান্ডারসন।
জবাবে খেলতে নেমে ম্যাক্সওয়েল ও মিচেল জনসনের বোলিংয়ে মাথা উঁচু করে দাঁড়াতে পারেনি ইংলিশ ব্যাটসম্যানরা। ১৬৬ রান তুলেই গুটিয়ে গেছে তাদের ইনিংস। সবচেয়ে বেশী ৩৩ রান করেছেন রবি বোপারা। এ ছাড়া মঈন আলী ২৬, জো রুট ২৫, স্টুয়ার্ট ব্রড ২৪ ও বাটলার ১৭ রান করেছেন। ৪টি উইকেট পেয়েছেন ম্যাক্সওয়েল। আর ৩টি উইকেট শিকার করেছেন জনসন।
সংক্ষিপ্ত স্কোর
অস্ট্রেলিয়া : ২৭৮/৮ (ম্যাক্সওয়েল ৯৫, মার্শ ৬০, ফকনার ৫০*; ব্রড ৩/৫৫)
ইংল্যান্ড : ১৬৬/১০ (মঈন ২৬, রুট ২৫, বোপারা ৩৩ ; ম্যাক্সওয়েল ৪/৪৬, জনসন ৩/২৭)
ফল : ১১২ রানে জয়ী অস্ট্রেলিয়া
ম্যাচ সেরা : গ্লেন ম্যাক্সওয়েল (অস্ট্রেলিয়া)
পিআর