মধুর সমস্যায় প্রবাসী বাংলাদেশিরা
মশিউর রহমান তুহিন, সিডনিঃ আগামী ২১শে ফেব্রুয়ারি, শনিবার স্থানীয় সময় দুপুর ১.৩০ মিনিটে বাংলাদেশ মুখোমুখি হবে চার বারের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার। এই দিনটি আবার বাংলাদেশের মানুষের জন্য আবেগের, কারণ সারাদেশের মানুষের সাথে প্রবাসী বাংলাদেশিরাও যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করবে। সাথে ভাষা দিবসের চেতনা নিয়ে মাঠে যাবে বাংলাদেশিরা এবং খেলোয়াড়রা একই চেতনা নিয়ে দেশবাসিকে ভালো খেলা উপহার দিবে এমনটাই আশাবাদ ব্যক্ত করেছেন দর্শকরা।
দুই দলেই তাদের নিজ নিজ প্রথম খেলায় জয়লাভ করেছে। অতীত রেকর্ড বলে এই খেলায় পরিষ্কার ফেভারিট অস্ট্রেলিয়া। কারণ একবার ছাড়া বাংলাদেশ কখনও অস্ট্রেলিয়াকে পরাজিত করতে পারে নাই। তার উপর ম্যাচটি হবে ব্রিসবেনের গাবায়। যে মাঠে অস্ট্রেলিয়ার হারার রেকর্ড খুঁজতে গেলে ইতিহাসের পাতায় অনেকক্ষণ ঘাটতে হবে। অস্ট্রেলিয়া সবসময় গতি দিয়ে এই মাঠে বিপক্ষ দলগুলোকে মোকাবেলা করে। বাংলাদেশের বিরদ্ধেও তারা পেস অ্যাটাক দল গড়বে বলে জানা যায়। অন্যদিকে বাংলাদেশ তাদের আগের ম্যাচের একাদশ পরিবর্তন করবে -এমন কোনো আভাস পাওয়া যায়নি।
তবে এই খেলা নিয়ে সবচেয়ে বেশী বিপদে আছে অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশিরা, কারণ একদিকে তাদের জন্মভূমি (বাংলাদেশ), অন্যদিকে তাদের স্থায়ী নিবাস ও কর্মস্থল অস্ট্রেলিয়া। এ অবস্থায় কাকে সমর্থন করবেন এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে সিডনি ইউনিভার্সিটির ছাত্র মোহাম্মাদ বশির বলেন, যেখানেই থাকি না কেন বাংলাদেশের খেলা হলে অন্যদলকে সমর্থন করার প্রশ্নই আসে না।
এখানকার নাগরিক ও বাংলাদেশি বংশভুত আরো একজন মাহফুজ বলেন, আলাদা আলাদা খেললে হয়তো এই দুই দলকে সমর্থন করতাম। কিন্তু এখন যেহেতু পরস্পর মুখোমুখি, আমার সমর্থন বাংলাদেশের দিকে। কারণ বিদেশে বাস করলেও হৃদয়ে আমার বাংলাদেশ।
বৃহস্পতিবার বিকালে কথা হয় সোনার বাংলা মানি ট্র্যান্সফার এর মালিক সফিক চৌধুরীর সাথে, তিনি বলেন, ২৫ বছর ধরে অস্ট্রেলিয়ায় থাকি কিন্তু আমি তো বাংলাদেশি। তাই আমাদের সমর্থন আজীবন জন্মভুমির প্রতি থাকবে।
আরএস