ফেডারেশন কাপের ফাইনালে শেখ জামাল
রোববার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ফেডারেশন কাপের সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল শেখ জামাল ও শেখ রাসেল। শেষ পর্যন্ত ২-১ গোলের নাটকীয় জয়ে টানা দ্বিতীয়বারের মতো এই টুর্নামেন্টের ফাইনালে উঠেছে শেখ জামাল।
ম্যাচের প্রথম থেকেই আক্রমণ পাল্টা আক্রমণে খেলা জমে ওঠে। ২১ মিনিটে মামুনুলের কর্নার থেকে গোলের সহজ সুযোগ নষ্ট করেন নাইজেরিয়ান এমেকা ডারলিংটন। উল্টো ৩৯ মিনিটে শেখ রাসেলের স্ট্রাইকার কিংসলে চিগোজিকে বক্সে ট্যাকল করে পেনাল্টির বিপদ ডেকে আনেন ইয়ামিন মুন্না। স্পট-কিকে গোল করে শেখ রাসেলকে এগিয়ে নেন এমিলি (১-০)।
প্রথমার্ধের শেষ দিকে রায়হানের ভুলে আরও একটি সহজ সুযোগ নষ্ট করে শেখ রাসেলের চিগোজির। তার নেয়া শট গোলরক্ষক রাসেলকে পরাস্ত করলেও পোস্টে প্রতিহত হয়।
বিরতির পর গোলের জন্য মরিয়া হয়ে ওঠে শেখ জামাল। ম্যাচের ৬২ মিনিটে গোল করে সমতা ফেরান শেখ জামাল ডিফেন্ডার নাসিরউদ্দিন। ম্যাচের ৮৯ মিনিটে ডারলিংটন গোল করলে ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে গত বারের চ্যাম্পিয়নরা।
এমআর/আরআইপি