এলজিইডির ‘দুই কোটি টাকার’ টয়লেট নিয়ে দেশজুড়ে তোলপাড়

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পটুয়াখালী
প্রকাশিত: ০৮:১৭ এএম, ০৫ মে ২০২৬

পটুয়াখালীর বাউফলে একটি টয়লেট নির্মাণ ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। মসজিদের পাশে নির্মিত ওই টয়লেটের নামফলকে ব্যয় দেখানো হয় প্রায় দুই কোটি টাকা। আর তাতেই বিষয়টি মুহূর্তেই ছড়িয়ে পড়ে দেশজুড়ে।

ঘটনাটি ঘটেছে উপজেলার সূর্যমনি ইউনিয়নের রামনগর গ্রামে। সেখানে মুসল্লিদের ব্যবহারের জন্য সরকারি অর্থায়নে একটি টয়লেট নির্মাণ করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। তবে প্রকল্পের নামফলকে নির্মাণ ব্যয়ের অঙ্কে ভুল থাকায় তৈরি হয় বিভ্রান্তি।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০২৪–২৫ অর্থবছরে রাজস্ব তহবিলের অর্থে ইদু হাওলাদারের বাড়ির সামনে মসজিদের পাশে টয়লেটটি নির্মাণ করা হয়। প্রকল্পটির প্রকৃত ব্যয় ১ লাখ ৯৯ হাজার ৯৯৯ দশমিক ৯৩ টাকা। কিন্তু নামফলক তৈরির সময় ভুলবশত সেখানে ব্যয় দেখানো হয় ১ কোটি ৯৯ লাখ ৯৯ হাজার ৯৩ টাকা।

নামফলকের ওই ভুল তথ্যের ছবি ও ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যায়। অনেকেই এটিকে অপচয় বা অনিয়মের উদাহরণ হিসেবে তুলে ধরে সমালোচনা করেন। ভাইরাল হওয়া পোস্টগুলোতে হাজারো মানুষ নেতিবাচক মন্তব্য করেন।

স্থানীয় মসজিদ কমিটির সভাপতি আব্দুল করিম হাওলাদার বলেন, নামফলকে প্রায় দুই কোটি টাকা ব্যয় দেখানো দেখে আমরা নিজেরাও বিস্মিত হয়েছি। প্রকৃত ব্যয় সম্পর্কে আমাদের আগে ধারণা ছিল না।

তবে বাউফল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি কামরুজ্জামান ফিরোজ মনে করেন, বিষয়টি অতিরঞ্জিতভাবে ছড়ানো হয়েছে। লেখার সময় এমন ছোট ভুল হতে পারে। কিন্তু যাচাই না করে তা বড় করে ছড়িয়ে দেওয়া ঠিক নয়।

এ বিষয়ে এলজিইডির বাউফল উপজেলা প্রকৌশলী আরজুরুল হক বলেন, প্রকল্পের প্রকৃত ব্যয় প্রায় দুই লাখ টাকা। নামফলক প্রিন্টিংয়ের সময় ভুল হয়েছে। বিষয়টি জানার পর তা সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে।

মাহমুদ হাসান রায়হান/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।