পোর্টারফিল্ডের শতকে এগিয়ে যাচ্ছে আয়ারল্যান্ড


প্রকাশিত: ০৬:৩০ এএম, ১৫ মার্চ ২০১৫

আইরিশ অধিনায়ক পোর্টারফিল্ডের সেঞ্চুরির উপর ভর করে বড় সংগ্রহের দিকে এগিয়ে যাচ্ছে আয়ারল্যান্ড। কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিতে নিজেদের শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাট করতে নেমে শেষ খবর পাওয়া পর্যন্ত ৩৮ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে আইরিশদের সংগ্রহ ১৭৯ রান। পোর্টারফিল্ড ১০৬ আর গ্যারি উইলসন ২১ রান নিয়ে ব্যাট করছে।

এর আগে ব্যাট করতে নেমে চতুর্থ ওভারে মাত্র ৩ রান করে এহসান আদিলের শিকার হয়েছেন পল স্টার্লিং। এড জয়েস ও নিয়াল ও’ব্রায়েনও বেশিক্ষণ থাকতে পারেননি উইকেটে। ফিরেছেন ১১ ও ১২ রান করে। এরপর ব্যালবার্নিকে সাথে ৪৮ রানের জুটি গড়ে প্রাথমিক বিপর্যয় কাটিয়ে তোলেন।

বিশ্বকাপ  মিশনটা এখন পর্যন্ত প্রত্যাশা অনুযায়ী হয়নি পাকিস্তানের। প্রথম ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বি ভারতের বিপক্ষে হারের পর ক্যারিবীয়দের কাছেও বাজেভাবে হার মানে মিজবাহরা।

আয়ারল্যান্ডের কাছে হেরে গেলে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করতে কঠিন সমীকরণের ধাঁধায় পড়তে হবে পাকিস্তানকে। কারণ, দিনের অপর ম্যাচে ক্যারিবীয়রা, সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে বড় ব্যবধানে জয় পেলে কপাল পুড়বে মিজবাহ-আফ্রিদিদের। তাই সমীকরণ এড়াতে জয়ের বিকল্প ভাবছে না পাকিস্তান।

অন্যদিকে, আয়ারল্যান্ডেরও রয়েছে আগের আসরে পাকিস্তানকে হারানোর সুখস্মৃতি। তবে হারের তেতো অভিজ্ঞতায় প্রলেপ দিতে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা যে এবার মরিয়া হয়ে উঠবে, সেটাও ভালোই জানা আইরিশদের। কিন্তু কোয়ার্টার ফাইনালে যাওয়ার স্বপ্নপূরণের এত কাছাকাছি গিয়ে হার মানতে চায় না পোর্টারফিল্ডরা। সে লক্ষ্যে, সাবেক চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ের বিপক্ষে জয়ের তাজা স্মৃতি, আত্মবিশ্বাস যোগাতে পারে আইসিসি`র সহযোগী দেশটিকে।  

এমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।