তারকা ঠাসা মোহামেডান নাকি ভারসাম্যপূর্ণ আবাহনী- শিরোপা যুদ্ধে কে এগিয়ে

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৮:৩০ পিএম, ০৩ মে ২০২৬

রাত পোহালেই মাঠে গড়াবে প্রিমিয়ার ক্রিকেট লিগ। আগামীকাল সোমবার (৪ মে) থেকে বিকেএসপির ২ ও ৩ নম্বর মাঠ, ইউল্যাব, বসুন্ধরা, পূর্বাচল ও খালেদ মাহমুদ সুজনের কোচিং একাডেমি মাঠে একসঙ্গে শুরু হচ্ছে এবারের ঢাকার ক্লাব ক্রিকেটের প্রধান আসর। প্রথম দিন সবকটি দলই মাঠে নামবে।

খুব স্বাভাবিকভাবেই ক্রিকেট অনুরাগী ও ভক্তদের কৌতূহলী প্রশ্ন- কে পাবে এবারের লিগ শিরোপা? ১৬ বছরের শিরোপা খরা কি কাটবে এবার মোহামেডানের? কাগজে-কলমে কি মোহামেডানই এক নম্বর দল?

ঢাকা লিগের গত দুই-তিন আসরে রান তোলায় যারা ওপরে থাকেন- এনামুল হক বিজয় ও নাঈম শেখ এবার মোহামেডানে। সাথে অভিজ্ঞ মুশফিকুর রহিমও আছেন সাদা-কালো শিবিরে। দেশের এক নম্বর ফাস্ট বোলার তাসকিন আহমেদ, দীর্ঘ পরিসরের ক্রিকেটের এক নম্বর বাঁ-হাতি স্পিনার তাইজুল এবং সেরা লেগস্পিনার ও গুগলি বোলার রিশাদ হোসেনের ঠিকানাও এবার মতিঝিলে।

সাথে আছেন অভিজ্ঞ রনি তালুকদার, তরুণ মারকুটে ওপেনার আনিসুল ইসলাম ইমন, ফর্মের তুঙ্গে থাকা তাওহিদ হৃদয়, রানে ফেরা আফিফ হোসেন ধ্রুব, ইয়াসির আলী রাব্বি, পেস বোলিং অলরাউন্ডার সাইফউদ্দীন, সম্ভাবনাময় পেসার রিপন মন্ডল, সীমিত ওভারের ফরম্যাটে সফল বাঁ-হাতি স্পিনার তানভীর ইসলাম, এবাদত হোসেন, মৃত্যুঞ্জয় চৌধুরী ও পেসার মুশফিক।

এমন এক শক্তিশালী দল নিয়ে মাঠের ক্রিকেটে মোহামেডান কী করে, সেটাই এখন দেখার বিষয়। ভক্তদের প্রশ্ন, সাদা-কালোরা কি এবার হারানো গৌরব ফিরে পাবে? সেই ২০০৮-২০০৯ মৌসুমের পর আবার কি শিরোপা উঠবে মোহামেডানের ঘরে? নাকি এবারও শেষ রক্ষা হবে না?

এদিকে ওপরে যাদের নাম দেখা যাচ্ছে, তাদের বেশ কয়েকজনকে কাল সোমবার প্রথম ম্যাচ থেকে পাবে না মোহামেডান। এর মধ্যে পাকিস্তানের বিপক্ষে টেস্ট দলে থাকা তিন অভিজ্ঞ ও প্রতিষ্ঠিত পারফর্মার- মুশফিকুর রহিম, তাসকিন আহমেদ ও তাইজুল ইসলাম নেই। শুধু তারা নন, পাকিস্তানের সাথে টেস্ট দলে ডাক পাওয়া কেউই সিরিজ শেষ হওয়ার আগে প্রিমিয়ার লিগ খেলতে পারবেন না। ক্লাব কর্মকর্তা ও কোচদের সাথে কথা বলে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।

ওদিকে আবাহনীকেও পিছিয়ে রাখার উপায় নেই। সৌম্য সরকার আর জিশান আলম- দুজন ড্যাশিং ওপেনার এবার আবাহনীতে। জিশান আগেরবারও আবাহনীতেই ছিলেন, সৌম্য এবার যুক্ত হলেন। জিশানের সাথে আবাহনীর ঘরের ছেলে হয়ে ওঠা নাজমুল হোসেন শান্ত আর মোসাদ্দেক হোসেন সৈকতও আছেন আকাশী-হলুদ শিবিরে। অনুকূল-প্রতিকূল যেকোনো পরিস্থিতিতে ব্যাট হাতে দলের হাল ধরার সামর্থ্য রাখা নাজমুল হোসেন শান্ত এবং সাম্প্রতিক সময়ে ঢাকা লিগের সবচেয়ে কার্যকর পারফরমার হিসেবে আবাহনীর সাফল্যের রূপকার মোসাদ্দেক হোসেন সৈকত এবারও বড় শক্তি।

এছাড়া জাকের আলী অনিক, মাহিদুল ইসলাম অঙ্কন, সাব্বির রহমান, সাব্বির হোসেন, পেসার খালেদ এবং যুব দলের (অনূর্ধ্ব-১৯) এক নম্বর ফাস্ট বোলার ইকবাল হোসেন ইমনও এবার আবাহনীতে। আর গত লিগে ব্যাট ও বল হাতে ভালো খেলা মেহরাব অহিন, মাহফুজুর রাব্বি ও রাকিবুল এবারও পুরোনো শিবিরেই আছেন।

সব মিলিয়ে কাগজে-কলমে খুব ভারসাম্যপূর্ণ দল আবাহনী। তরুণ ও উদীয়মান ক্রিকেটারের সংখ্যা এখানে বেশি। পুরো দল একটা ইউনিট হয়ে খেলতে পারলে আকাশী-হলুদ দলটিও হয়ে উঠতে পারে শিরোপার সবচেয়ে বড় দাবিদার। দেখা যাক, গতবারের মতো এবারও কাগজে-কলমে মোহামেডানের পরে দুই নম্বর দল হয়ে বাজিমাত করতে পারে কি না আবাহনী।

বাকি দলগুলোর মধ্যে তালহা জুবায়েরের কোচিংয়ে প্রাইম ব্যাংক, লিজেন্ডস অব রূপগঞ্জ, অগ্রণী ব্যাংক, ঢাকা লেপার্ডস ও বসুন্ধরাও কিন্তু হেলাফেলার দল নয়। সাদা বলে দেশের এক নম্বর ওপেনার বনে যাওয়া তানজিদ তামিম, অভিজ্ঞ যোদ্ধা মাহমুদউল্লাহ রিয়াদ, আজিজুল হাকিম, তানজিম সাকিব, আবু হায়দার রনি, আরিফুল ইসলাম ও আলিস আল ইসলামের মতো তুখোড় ক্রিকেটারদের নিয়ে গড়া দল এবার প্রাইম ব্যাংক।

এরপর লিজেন্ডস অব রূপগঞ্জ, ঢাকা লেপার্ডস ও অগ্রণী ব্যাংক প্রায় সমান শক্তির দল। লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ, ইরফান শুক্কুর, শেখ মেহেদী, হাবিবুর রহমান সোহান ও নাসুম আহমেদ প্রমুখ ক্রিকেটারের সমন্বয়ে সাজানো হয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জ। অন্যদিকে অভিজ্ঞ মোহাম্মদ মিঠুন, মুমিনুল হক সৌরভ, পারভেজ জীবন, জাওয়াদ আবরার, জাকির হাসান, ইফতিখার হোসেন ইফতি ও হাসান মুরাদ প্রমুখ ক্রিকেটারের ঠিকানা এবার ঢাকা লেপার্ডস।

কাজেই এই দলগুলোও যে কোনো দিন যেকোনো অঘটন ঘটিয়ে দিতে পারে। সব মিলিয়ে মোহামেডান, আবাহনী আর প্রাইম ব্যাংক ছাড়া অন্য অন্তত তিন থেকে চারটি দলের শক্তি ও সামর্থ্য খুব কাছাকাছি। লড়াই হতে পারে সেয়ানে সেয়ানে। একটি আকর্ষণীয় ও জমজমাট প্রিমিয়ার লিগের সম্ভাবনা দেখছেন অনেকেই।

এআরবি/আইএইচএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।