কোয়ার্টারে মরণ কামড় দেবে বাংলাদেশ (ভিডিও)
কোয়ার্টার ফাইনালে ভারতের বিপক্ষে মাঠে নামার আগে ২০০৭ বিশকাপ থেকে অনুপ্রেরণা নিতে পারে বাংলাদেশ। হট ফেবারিট ভারতকে হারিয়ে ক্রিকেট বিশ্বকে চমকে দেয় বাংলাদেশ,পরের রাউন্ডে নাম লিখিয়ে গড়ে নতুন ইতিহাস।
বাংলাদেশের সেরা বিশ্বকাপ সেটাই। তবে ভারতীয় সাবেক অধিনায়ক মোহাম্মদ আজহারউদ্দিনের বিশ্বাস ২০০৭-এর পারফরম্যান্স ছাড়িয়ে যাওয়ার সামর্থ্য আছে মাশরাফির বর্তমান দলটার। ২০০৭ বিশ্বকাপের কথা স্মরণ করিয়ে দিয়ে ভারতের সাবেক এই অধিনায়ক বলেন, এই বাংলাদেশ দলকে আমার ২০০৭-এর চেয়েও বেশি শক্তিশালী মনে হচ্ছে। দলটার ব্যাটিং বেশ ভালো। মাহমুদউল্লাহ দ্রুত রান তুলতে পারে। সাকিবের মতো বিশ্বমানের অলরাউন্ডার আছে ওদের। পেসাররাও ভালো গতিতে বল করছে। ওরা যদি ভারতের মতো শক্তিশালী দলের সঙ্গে স্নায়ুর চাপে না পড়ে তাহলে সমান তালে লড়াই করবে।
ভারতীয় একটি দৈনিকে নিজের লেখা কলামে আজহার বলেন `ভারতের বিপক্ষে বরাবরই একটা বাড়তি তাগিদ নিয়ে মাঠে নামে বাংলাদেশ। আমার মনে হয় প্রতিবেশী দেশ বলে নিজেদের প্রমাণ করার ইচ্ছাটা আরো বেশি করে তৈরি হয় ওদের মধ্যে। বিশ্বকাপে ভারতের কাঁটা হওয়ার ইতিহাসও আছে বাংলাদেশের। ২০০৭-এ ওই ম্যাচটা হেরেই তো গ্রুপ থেকে বিদায় নিয়েছিল ভারত।
কোয়ার্টার ফাইনালে হারলেও বীরের বেশে দেশে ফিরবে মাশরাফিরা। আর ভারত হারলে বইবে সমালোচনার ঝড়। চাপটা তাই ভারতেরই ওপর দেখছেন আজহার, আমি অধিনায়ক থাকার সময় ছোট দলগুলোর বিপক্ষে বেশি সতর্ক থাকার চেষ্টা করতাম। সবাইকে মনে করিয়ে দিতাম আন্তর্জাতিক ক্রিকেটে ছোট দল বলে কিছু নেই। বড় দলের বিপক্ষে জিততে পারলে সবাই যে নায়ক হয়ে যাবে, সেই ভাবনা নিয়েই খেলে ওরা। আর তাই মরণ কামড় দেওয়ার জন্য মরিয়া থাকে। বাংলাদেশও মরণ কামড় দিতে চাইবে কোয়ার্টার ফাইনালে।
এমআর/আরআইপি