ভারতের বিপক্ষে জয় সম্ভব : আমিনুল ইসলাম
ভারতের বিপক্ষে জয় সম্ভব বলে মনে করেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। তিনি বলেন, ব্যাটসম্যান ও বোলাররা সমানভাবে তাদের সেরাটা ঢেলে দিতে পারলে, জয় সম্ভব।
সেই সাথে আসরের শুরু থেকে দলীয় উন্নতি করছে টাইগাররা, তা ধরে রাখার পরামর্শ দেন তিনি।
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল বলেন, ‘আমি বাংলাদেশের ব্যাপারে একটু বেশি আশাবাদী এই জন্য যে, আফগানিস্তান ম্যাচ থেকে লক্ষ্য করলে দেখা যাবে প্রত্যেকটি ম্যাচই ভাল খেলেছে এবং উন্নতি করেই যাচ্ছে।
অন্যদিকে, ভারত শুধুমাত্র তাদের কাছাকাছি শক্তির দল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জিতেছে। ভারত কিন্তু ওইভাবে পরীক্ষা দিয়ে আসতে পারেনি। পক্ষান্তরে বাংলাদেশ ভাল খেলতে খেলতে এগিয়ে এসেছে।’
তিনি আরো বলেন, ‘বাংলাদেশের শক্তির জায়গা হল ফাস্ট বোলাররা ভাল বোলিং করছে। স্পিনাররা এখনো নিজেদেরকে ঢেলে সাজাতে পারেনি। এছাড়া আমাদের ব্যাটসম্যানরা মিডল অর্ডারে খুব ভাল ক্রিকেট খেলছে। টপ অর্ডার থেকে একটু সাহায্য পাওয়া গেলে আরো ভাল হবে। সবকিছু মিলিয়ে যদি আমরা মূল জায়গাগুলোতে কাজ করতে পারি তাহলে অবশ্যই ভারতের বিপক্ষে ম্যাচটি জেতার সম্ভাবনা রয়েছে।’
এআরএস/আরআইপি