হত্যা মামলায় জামিন মেলেনি মমতাজের

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০:২৪ পিএম, ০৬ মে ২০২৬
সাবেক সংসদ সদস্য মমতাজ বেগম/ফাইল ছবি

জুলাই আন্দোলনে রাজধানীর মিরপুরে সংঘটিত একটি হত্যা মামলায় মানিকগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমের জামিন আবেদন খারিজ করে দিয়েছেন আদালত।

বুধবার (৬ মে) ঢাকার সপ্তম অতিরিক্ত মহানগর দায়রা জজ তাওহীদা আক্তারের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

শুনানিতে আসামিপক্ষের আইনজীবী রেজাউল করিম দাবি করেন, মামলার এজাহারে মমতাজ বেগমের বিরুদ্ধে কোনো সুস্পষ্ট অভিযোগ নেই। তিনি বলেন, কোটা সংস্কার আন্দোলনের সময় শিক্ষার্থীদের দমনে অর্থায়ন ও পরিকল্পনায় সম্পৃক্ত থাকার যে অভিযোগ আনা হয়েছে, তার পক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্য-প্রমাণ উপস্থাপন করা হয়নি। এসব অভিযোগ উদ্দেশ্যপ্রণোদিত ও ভিত্তিহীন উল্লেখ করে তিনি তার মক্কেলের জামিন প্রার্থনা করেন।

অন্যদিকে, শুনানি শেষে বিচারক জামিনের আবেদন নামঞ্জুর করেন এবং তাকে কারাগারেই রাখার নির্দেশ দেন।

মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই মিরপুর-১০ নম্বর গোলচত্বর এলাকায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন মো. সাগর নামে এক যুবক। এ ঘটনায় একই বছরের ২৭ নভেম্বর নিহতের মা বিউটি আক্তার মিরপুর মডেল থানায় একটি হত্যা মামলা করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ২৪৩ জনকে আসামি করা হয়, যেখানে মমতাজ বেগমকে ৪৯ নম্বর আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

রাজনীতির পাশাপাশি সংগীত জগতে পরিচিত মুখ মমতাজ বেগম ২০০৮ সালে সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য হন। পরে ২০১৪ ও ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে মানিকগঞ্জ-২ আসন থেকে জয়ী হন।

গত বছরের ১২ মে রাতে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এরপর থেকে তিনি কারাগারে।

এমডিএএ/এএমএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।