মুন্নার পরিবারের পাশে দাঁড়াল বিসিবি
কিডনি রোগে আক্রান্ত হয়ে অকালে মৃত্যুবরণ করা এক সময়ের মেধাবী ফুটবল তারকা, বাংলাদেশের ফুটবলের ইতিহাসে অন্যতম সেরা ফুটবলার মোনেম মুন্নার পরিবার এখন আর্থিক সমস্যায় জর্জরিত। এ অবস্থায় মুন্নার পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আর্থিক সহায়তা হিসেবে তার পরিবারকে ৫ লাখ টাকা প্রদান করার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।
রবিবার সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এমপি। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে বিসিবির বোর্ডসভা শেষে নাজমুল হাসান পাপন বলেছেন, ‘আজকের বোর্ড মিটিংয়ে আমরা সকলে মিলে সিদ্ধান্ত নিয়েছি ফুটবলার মোনেম মুন্নার পরিবারকে আমরা ৫ লাখ টাকা অর্থ সহায়তা দেব। তিনি (মুন্না) এক সময় নামকরা ফুটবলার ছিলেন। মুন্নার স্ত্রী আমাদের সঙ্গে ব্যক্তিগতভাবে দেখা করেছেন। খুব খারাপ সময় যাচ্ছে তার পরিবারের। তাই আমরা বিসিবির পক্ষ থেকে সহায়তা করছি।’
এদিকে প্রয়াত মুন্নার পরিবারকে সাহায্য করার পাশাপাশি উদীয়মান তরুণ ক্রিকেটার তাইবুর রহমান পারভেজের চিকিৎসা খরচও বহন করার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। এ বিষয়ে বিসিবি সভাপতি বলেছেন, ‘আমাদের একজন ক্রিকেটার (তাইবুর রহমান) উদীয়মান খেলোয়াড় গত বছরও লিগে তার একটি ডাবল সেঞ্চুরি ছিল (ঘরোয়া লিগে), তার অস্ত্রোপচার করাতে হবে। আমরা তার চিকিৎসার খরচ বহন করার সিদ্ধান্ত নিয়েছি।’
উল্লেখ্য, নারায়নগঞ্জ থেকে উঠে আসা ফুটবলার মোনেম মুন্না ১৯৮৬ সাল থেকে ১৯৯৭ পর্যন্ত জাতীয় দলে খেলেছেন। পাশাপাশি দেশের ঐতিহ্যবাহী ক্লাব ঢাকা আবাহনীতেও দীর্ঘদিন খেলেছেন তিনি। খেলেছেন ভারতের পেশাদার ফুটবল লিগে ইস্ট বেঙ্গলের হয়েও।
১৯৯৯ সালে কিডনি রোগে আক্রান্ত হওয়ার পর ২০০৫ সালের ২৬ জানুয়ারি গুরুতর অসুস্থ অবস্থায় মুন্নাকে হাসপাতালে ভর্তি করা হয়। প্রায় ৩ সপ্তাহ মৃত্যুর সঙ্গে লড়াইয়ের পর ওই বছর ১২ ফেব্রুয়ারি মারা যান এই কীর্তিমান ফুটবলার।
এসআরজে