আইসিসির মাসসেরা ক্রিকেটারের দৌড়ে নাহিদ রানা

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৫:৪৮ পিএম, ০৮ মে ২০২৬

এপ্রিলে আইসিসির মাসসেরা ক্রিকেটার হওয়ার সেরা তিনে মনোনয়ন পেয়েছেন বাংলাদেশের পেস সেনসেশন নাহিদ রানা। তার সঙ্গে এই জায়গায় প্রতিদ্বন্দ্বী হিসেবে আছেন ওমানের জতিন্দর সিং এবং সংযুক্ত আরব আমিরাতের অজয় কুমার।

বাংলাদেশের উদীয়মান পেস সেনসেশন নাহিদ রানা এপ্রিল ২০২৬-এর মনোনয়নপ্রাপ্ত খেলোয়াড়দের তালিকায় শীর্ষে উঠে এসেছেন নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে দুর্দান্ত ম্যাচজয়ী পারফরম্যান্সের কারণে।

তরুণ এই গতিতারকা মাত্র তিনটি ওয়ানডেতে ৮টি উইকেট শিকার করেন, যেখানে তার গড় ছিল ১৬.৭৫ এবং ইকোনমি রেট ছিল দারুণ নিয়ন্ত্রিত—মাত্র ৪.৪৬।

মিরপুরে অনুষ্ঠিত দ্বিতীয় ওয়ানডেতে তিনি নিউজিল্যান্ডের ব্যাটিং লাইনআপে ধস নামিয়ে একাই ৫ উইকেট শিকার করেন। সেই ম্যাচে তার বোলিং ফিগার ছিল ৫/৩২। এছাড়া প্রথম ও তৃতীয় ওয়ানডেতে তিনি যথাক্রমে ১টি ও ২টি উইকেট নেন।

রানার অসাধারণ পারফরম্যান্সের সুবাদে তিনি সিরিজসেরা খেলোয়াড়ের পুরস্কার জেতেন এবং বাংলাদেশ ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জয় করে।

এদিকে ওমানের টপ অর্ডার ব্যাটার এবং অধিনায়ক জতিন্দর সিং এপ্রিল মাসে ওয়ার্ল্ড কাপ লিগ-২তে পাঁচ ওয়ানডে খেলে ৫৩.২০ গড় এবং ১১৫ স্ট্রাইক রেটে ২৬৬ রান করেছেন।

আরব আমিরাতের বাঁহাতি তরুণ পেসার অজয় কুমার তার প্রথম দুই ওয়ানডেতেই ৯ উইকেট নিয়ে নজর কেড়েছেন। গড় ৭.৬৬ এবং ইকোনমি ছিল মাত্র ৩.৬৬।

এমএমআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।