আজ বিশ্ব টেবিল টেনিস দিবস


প্রকাশিত: ০২:৩৫ এএম, ০৬ এপ্রিল ২০১৫

আন্তর্জাতিক টেবিল টেনিস ফেডারেশনের উদ্যোগে প্রথমবারের মতো আজ সারাবিশ্বে পালিত হচ্ছে বিশ্ব টেবিল টেনিস দিবস। ‘টেবিল টেনিস সবার জন্য, সর্বত্র’ এই শ্লোগান নিয়ে ১৯২৬ সালে প্রতিষ্ঠিত হয় আন্তর্জাতিক টেবিল টেনিস ফেডারেশন (আইটিটিএফ)।

প্রতিষ্ঠার দীর্ঘ প্রায় ৯০ বছর পর এবারই প্রথম ৬ এপ্রিলকে বিশ্ব টিটি দিবস হিসেবে ঘোষণা দিয়েছে এই সংস্থাটি। এবারের দিবসের প্রতিপাদ্য বিষয় হলো, ‘প্রতিটা দিনই টেবিল টেনিসের’।

আইটিটিএফের অন্তর্ভুক্ত বিশ্বের ২২০টি দেশ পালন করা হচ্ছে দিবসটি। পরিসংখ্যান অনুসারে ফুটবল, ক্রিকেট, টেনিস ও রাগবির পরই বিশ্বের জনপ্রিয় খেলা টেবিল টেনিস সংক্ষেপে টিটি।

তবে বাংলাদেশ টিটি ফেডারেশন অবশ্য এ উপলক্ষে আজ কোনো কর্মসূচিই রাখেনি। শুধু ১০ এপ্রিল একটি সেমিনারের আয়োজন করেই দায় এড়াতে চাইছে।

কিন্তু সাবেক টিটি খেলোয়াড় জোবেরা রহমান লিনু, সাইদুল হক সাদী, ক্যাপ্টেন মাকসুদ আহমেদ, কামরুল হুদা, আবেদ হোসেন ফারুক, নোমান সুফিয়ান, মোস্তফা বিল্লাহ ও এনায়েত হোসেন মারুফ মিলে হাতে নিয়েছেন একটি ব্যতিক্রমী কর্মসূচি।

তলানিতে চলে যাওয়া টেবিল টেনিসের জনপ্রিয়তা ফিরিয়ে আনতে ঘরে ঘরে টিটির কোচিং কোর্স চালু করতে চান তাঁরা। এ জন্য আগ্রহী অভিভাবক ও খেলোয়াড়দের প্রাথমিক পর্যায়ে সরবরাহ করা হবে উন্নতমানের টেবিল ও ব্যাট। প্রথমে দেওয়া হবে ৪টি করে ব্যাট ও ৬০টি বল। সে ক্ষেত্রে আগ্রহীদের ফেডারেশনে যোগাযোগ করতে হবে।

বিএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।