মাশরাফিদের গণসংবর্ধনা ১১ এপ্রিল


প্রকাশিত: ০৩:৫৫ এএম, ০৬ এপ্রিল ২০১৫

বাংলাদেশ দলকে ১১ এপ্রিল গণসংবর্ধনা দেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিশ্বকাপে ভালো পারফরম্যান্সের জন্য বাংলাদেশ দলকে এ সংবর্ধনা দেয়া হবে ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউতে। রোববার বিসিবির সভা শেষে এ ঘোষণা দেন সভাপতি নাজমুল হাসান।

এর আগে ১০ এপ্রিল চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা আরেকটি সংবর্ধনার আয়োজন করেছে। ১৯৯৯ সালে প্রথমবার বিশ্বকাপে অংশ নেয় বাংলাদেশ। তবে ২০১৫ বিশ্বকাপে এসে প্রথমবার কোয়ার্টার ফাইনালে উঠেছে বাংলাদেশ দল। মেলবোর্নে কোয়ার্টার ফাইনালে বিতর্কিত আম্পায়ারিংয়ে ভারতের কাছে হেরে যায় টাইগাররা।

সেমিফাইনালে উঠতে না পারলেও মাশরাফি মুর্তজাদের পারফরম্যান্সে খুশি গোটা দেশ। তখনই বিসিবি জানায়, ক্রিকেটারদের বড় করে সংবর্ধনা দেয়া হবে। রোববার বিসিবির সভায় আরও কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হয়েছে। আইসিসির সভাপতি পদের জন্য কাউকে মনোনয়ন দেবে না বিসিবি। এছাড়া পাকিস্তানকে কথা দেয়ার পরও সেদেশে সফরে না যাওয়ার কারণে পিসিবিকে ৩ লাখ ২৫ হাজার ডলার ক্ষতিপূরণ দেবে বিসিবি।

বিশ্বকাপ মিশন শেষে বাংলাদেশ দল দেশে ফিরেছে ২২ মার্চ। তবে বিসিবির অধিকাংশ পরিচালক তখন দেশের বাইরে থাকায় সংবর্ধনা দেয়া হয়নি। এছাড়া বাংলাদেশ দলের দেশে ফেরার দিনে বিমানবন্দরে হাজারো সমর্থক মাশরাফিদের সংবর্ধনা দেয়ার জন্য হাজির হয়। কিন্তু সমর্থকরা কেউ সেদিন ক্রিকেটারদের দেখতে পারেনি।

এআরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।