টেস্টে মুশফিক, ওয়ানডে ও টি-টোয়েন্টিতে মাশরাফি


প্রকাশিত: ০৪:০৯ এএম, ০৬ এপ্রিল ২০১৫

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়কত্বে পরিবর্তন আনেনি বিসিবি। বাংলাদেশের ক্রিকেট বোর্ড (বিসিবি) রোববারের সভা শেষে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। পাকিস্তানের বিপক্ষে সিরিজে টেস্ট অধিনায়ক থাকছেন মুশফিকুর রহিমই। ওয়ানডে ও টি ২০ অধিনায়ক মাশরাফি মুর্তজা।

তবে বিশ্বকাপে টানা দুই ম্যাচে স্লো ওভার রেটিংয়ের কারণে প্রথম ওয়ানডে খেলতে পারবেন না তিনি। এ কারণে প্রথম ম্যাচে নেতৃত্ব দেবেন সাকিব আল হাসান। সিরিজের টিম ম্যানেজার হিসেবে থাকবেন খালেদ মাহমুদ সুজন।

অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সের জন্য ১১ এপ্রিল শনিবার ঢাকার মানিক মিয়া এভিনিউতে বাংলাদেশ দলকে সংবর্ধনা দেবে বিসিবি। সাবেক ফুটবলার মোনেম মুন্নার পরিবারকে ৫ লাখ টাকা সাহায্য দেবে বিসিবি। পাকিস্তান সফরে না যাওয়ার কারণে ক্ষতিপূরণ হিসেবে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) ৩ লাখ ২৫ হাজার ডলার (প্রায় দুই কোটি ৬০ লাখ টাকা) দেবে বিসিবি। এছাড়া আইসিসি পদে কোনো আগ্রহ নেই বিসিবির।

রোববার সভা শেষে বিসিবি সভাপতি নাজমুল হাসান বলেন, ‘আমরা নেতৃত্বে আর পরিবর্তন আনিনি। মাশরাফি পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে নেই। মাশরাফি এক ম্যাচ নিষিদ্ধ আছে। সাকিব প্রথম ম্যাচে অধিনায়কত্ব করবে। টি ২০-তেও মাশরাফিই অধিনায়ক থাকছে।’ আর পাকিস্তান সিরিজে বাংলাদেশ জাতীয় দলের স্পন্সর এখনও ঠিক হয়নি। বিসিবির টেন্ডারে অংশ নিয়েছে চারটি কোম্পানি। এগুলো হলা- টপ অব মাইন্ড, গ্রামীণফোন, রবি ও টোটাল স্পোর্টস। তবে সর্বোচ্চ ২ কোটি ১১ লাখ টাকা দিতে চেয়েছে টপ অব মাইন্ড নামে একটি প্রতিষ্ঠান।

এআরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।