বাংলাদেশ সফরে বাদ পড়লেন মাকসুদ
চোটের কারণে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি দল থেকে বাদ পড়লেন পাকিস্তানি ব্যাটসম্যান শোয়েব মাকসুদ। মঙ্গলবার পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এ তথ্য নিশ্চিত করেছে। মাকসুদের বদলে ওয়ানডে দলে ডাক পেয়েছেন অলরাউন্ডার সাদ নাসিম।
বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজকে সামনে রেখে মঙ্গলবার থেকে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অনুশীলন শুরু করে পাকিস্তান দল। এদিন সকালে জিম ও ফিটনেস সেশনের সময়ই মাকসুদের বাঁ-হাতের পুরনো ব্যথা নতুন করে জেগে ওঠে। মেডিকেল পরীক্ষায় তার বাঁ-হাতের হাড়ে চির ধরা পড়ে।
মাকসুদের বদলে ওয়ানডে দলে ডাক পেয়েছেন অলরাউন্ডার সাদ নাসিম। এ পর্যন্ত তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেললেও এখনো ওয়ানডেতে অভিষেক হয়নি তার। এবার ওয়ানডের স্বপ্ন পূরণ হতে পারে ২৪ বছর বয়সী এই অলরাউন্ডারের।
আগামী ১৩ এপ্রিল বাংলাদেশ সফরে আসবে পাকিস্তান দল। ১৭ এপ্রিল থেকে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। সফরে টাইগারদের বিপক্ষে একটি টি-টোয়েন্টি ও দুটি টেস্ট ম্যাচও খেলবে পাকিস্তান।
এমআর/একে/আরআই