পাকিস্তান সফরে যাচ্ছে নারী ক্রিকেট দল
আগামী মে মাসে বাংলাদেশের নারী ক্রিকেটের একটি দল পাকিস্তান সফরে যাচ্ছে বলে নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ।
বিসিবির নারী ক্রিকেট বিষয়ক কমিটির চেয়ারম্যান আব্দুল আউয়াল চৌধুরী বলেছেন, বাংলাদেশ থেকে একটি নারী ক্রিকেট দল পাঠানোর বিষয়টি নিশ্চিত। তবে সেটি জাতীয় দল হবে কিনা সে বিষয়ে এখনো তারা সিদ্ধান্ত নেননি।
এর আগে ২০০৯ সালে শ্রীলংকা ক্রিকেট দলের ওপর সন্ত্রাসী হামলার পর থেকে আন্তর্জাতিক ক্রিকেট দলগুলো পাকিস্তান সফরে যাওয়া বন্ধ করে দেয়।
পাকিস্তান দলের সাবেক অধিনায়ক আসিফ ইকবাল বলছেন, এ সফরটি পাকিস্তান ক্রিকেটের জন্য খুবই গুরুত্বপূর্ণ ।
টুর্নামেন্টে পাকিস্তানের জাতীয় দল অংশগ্রহণ করলে বাংলাদেশও জাতীয় দল পাঠাবে কিংবা বিসিবি একাদশ নামে একটি দল পাঠানো হবে বলে জানান বিসিবি কর্মকর্তা।
বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক সালমা খাতুন বলছেন, তারা সফরের বিষয়ে শুনেছেন, তবে আনুষ্ঠানিকভাবে তাদের এখনো জানানো হয়নি। নারী প্রিমিয়ার লীগ শেষ হলে হয়তো তাদের ক্যাম্পের জন্য ডাকা হতে পারে।
এর আগে পুরুষ জাতীয় দল পাঠানোর বিষয়ে আপত্তি জানিয়েছিল বাংলাদেশের ক্রিকেট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন।
এসএস/এআরএস/এমএস