দুপুরে মাশরাফিদের গণসংবর্ধনা
বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সের জন্য বাংলাদেশের ক্রিকেটাররা নিজ নিজ জেলায় সংবর্ধিত হয়েছেন। এবার দলগত গণসংবর্ধনার পালা। শুক্রবার চট্টগ্রামে সংবর্ধনা পাওয়ার কথা থাকলেও তা স্থগিত করা হয়। তবে আজ শনিবার বেলা আড়াইটায় মানিক মিয়া অ্যাভিনিউতে সংবর্ধনা পাচ্ছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল।
১৯৯৭ সালে আকরাম খানের নেতৃত্বাধীন আইসিসি ট্রফি জয়ী দলকে মানিক মিয়া অ্যাভিনিউতে গণসংবর্ধনা দেয়া হয়। ওই সময় গণসংবর্ধনায় উপস্থিত ছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১৮ বছর পর একই জায়গায় সংবর্ধনা পাচ্ছেন মাশরাফি বাহিনী। কিন্তু থাকছেন না প্রধানমন্ত্রী। তবে প্রধানমন্ত্রী নিজ বাসভবনে ক্রিকেটারদের আমন্ত্রণ জানাবেন।
বিশ্বকাপে তিনটি ম্যাচ জেতার জন্য বিসিবি এক লাখ ৬২ হাজার ৫০০ ডলার বোনাস দিচ্ছে। অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা বিশেষ বোনাস পাবেন দুই লাখ টাকা। তবে আর্থিক কোনো পুরস্কারই আজ সংবর্ধনা অনুষ্ঠানে দেয়া হচ্ছে না। প্রধানমন্ত্রী যেদিন ক্রিকেট দলকে নিজ বাসভবনে ডাকবেন, সেদিনই দেয়া হবে বোনাসের টাকা। আজ সংবর্ধনা অনুষ্ঠানে একমাত্র সাকিব ছাড়া দলের অন্য ক্রিকেটারদের পাশাপাশি কোচিং স্টাফরাও থাকবেন। সংবর্ধনা শেষে কনসার্টে থাকছে মাইলস, ওয়ারফেজ, অর্থহীন, ক্রিপটিক ফেইথ ও নেমেসিস ব্যান্ডদল।
এআরএস/এমএস