ওয়ানডেতে ইয়াসিরের বদলে জুলফিকার
পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশ সফরে এসেছে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল। কিন্তু সিরিজ শুরুর আগেই একের পর এক ইনজুরির ধাক্কায় বেসামাল হয়ে পড়ছে পাকিস্তান দল। তৃতীয় ক্রিকেটার হিসেবে ইনজুরির কারণে ওয়ানডে দল থেকে ছিটকে পড়লেন ইয়াসির শাহ।
এদিকে ইয়াসিরের বদলে ওয়ানডে দলে ডাক পেয়েছেন বাঁহাতি স্পিনার জুলফিকার বাবর।বৃহস্পতিবার রাতেই ঢাকায় আসবেন তিনি। তবে শুক্রবার বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে জুলফিকার খেলবেন কিনা, তা নিশ্চিত নয়। সর্বশেষ ২০১৪ সালের ডিসেম্বরে ওয়ানডে খেলেছেন জুলফিকার।
বুধবার ফতুল্লায় বিসিবি একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে হাতে চোট পান এই তরুণ স্পিনার। ইনজুরির কারণে হাতের কব্জিতে তিনটি সেলাই করতে হয়েছে ইয়াসিরের। ফলে আসন্ন বাংলাদেশ সফরের ওয়ানডে সিরিজে খেলা হবে না তার। এর আগে ইনজুরির কারণে শোয়েব মাকসুদ ও সোহাইল খানও ওয়ানডে সিরিজের দল থেকে ছিটকে পড়েছেন।
এমআর/আরআই