আজ অধিক সতর্ক বিসিবি
বাংলাদেশ ও পাকিস্তান সিরিজের প্রথম দিনের ভুল-ক্রুটিগুলো সুধরে আজ অধিক সতর্ক বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। জানা গেছে, পরশু অনুষ্ঠিত প্রথম ওয়ানডেতে বেশ কিছু ক্রটি চোখে পড়েছে কর্তৃপক্ষের। বিনা টিকিটে মাঠে প্রবেশ, যাদের টিকিট আছে তাদের বসার ব্যবস্থা না করতে পারার ঘটনা এসেছে সংবাদ মাধ্যমে।
জানা গেছে, রোববার প্রবেশ পথে বেশ কড়াকড়ি চলছে। আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনী অধিক সতর্ক। তারা প্রবেশ পথে সবার পাস চেক করছেন। চেক করছেন গাড়ির স্টিকার।
তবে অধিক সতর্কতার কারণে যাদের সব ঠিকঠাক আছে, তাদেরকেও কিছু বিব্রত হতে হচ্ছে। আবার আইন-শৃংখলা রক্ষাকরী বাহিনী বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সব ধরনের স্টিকার ও কার্ডের সঙ্গে পরিচিত না থাকা তাদের দায়িত্ব পালনে কিছুটা সমস্যা হচ্ছে।
জানতে চাইলে কর্তব্যরত একজন পুলিশ সদস্য জাগোনিউজকে বলেন, আজ যাতে কোনোভাবেই বিনা টিকিটে কেউ প্রবেশ করতে না পারে তা নিশ্চিত করার নির্দেশ রয়েছে আমাদের কাছে।
প্রসঙ্গত, তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে জয় নিয়ে ১-০তে এগিয়ে আছে টাইগাররা। আজকের ম্যাচে জয় পেলে সিরিজ নিশ্চিত হবে টাইগারদের। বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার দ্বিতীয় ম্যাচটিও উপভোগ করতে স্টেডিয়াম এলাকায় ক্রিকেটপ্রেমীদের ব্যাপক সমাগম ঘটেছে।
উল্লেখ্য, প্রথম বাংলাদেশি প্রতিষ্ঠান হিসেবে জাতীয় ক্রিকেট দলের গর্বিত স্পন্সর হয়েছে প্রাণ-আরএফএল গ্রুপের অন্যতম ব্র্যান্ড প্রাণ ফ্রুটো এবং কো-স্পন্সর হিসেবে রয়েছে ভিশন।
এসএ/এমআর/বিএ/এমএস