মন্টে কার্লোতে আরেকটি মাস্টার্স শিরোপা জিতলেন জকোভিচ
দূর্দান্ত ফর্মের ধারাবাহিকতায় বিশ্বের এক নম্বর তারকা নোভাক জকোভিচ বছরের আরেকটি মাস্টার্স শিরোপা ঘরে তুলেছেন। গতকাল মন্টে কার্লো মাস্টার্সের ফাইনালে ষষ্ঠ বাছাই টমাস বার্ডিচকে ৭-৫, ৪-৬, ৬-৩ গেমে পরাজিত করে চ্যাম্পিয়ন হবার কৃতিত্ব অর্জন করেছেন এই সার্বিয়ান।
ইন্ডিয়ান ওয়েলস এবং মায়ামির শিরোপা দখলের পরে প্রথম খেলোয়াড় হিসেবে এক বছরে তিনটি মাস্টার্স শিরোপার গর্বিত মালিক এখন এই সার্বিয়ান তারকা।
এর আগে সেমিফাইনালে নয়বারের ফ্রেঞ্চ ওপেন বিজয়ী রাফায়েল নাদালকে পরাজিত করার পরে গতকালের ফাইনালে জকোভিচই ছিলেন ফেবারিট। নিজের নামের প্রতি সুবিচারও করেছেন বিশ্ব রাঙ্কিংয়ের শীর্ষে থাকা জকোভিচ। তবে চেক তারকা বার্ডিচও ছেড়ে কথা বলেননি।
আগামী ২৪ মে-৭ জুন পর্যন্ত অনুষ্ঠিতব্য ফ্রেঞ্চ ওপেনের আগে ইউরোপীয়ান ক্লে কোর্টের প্রথম এই টুর্ণামেন্টে বার্ডিচ নিজের যোগ্যতার জানান দিয়েছেন। জকোভিচের বিপক্ষে ২-১৮ জয়-পরাজয় রেকর্ড নিয়ে কোর্টে নামা বার্ডিচের মূলত এই ফাইনালে হারানোর কিছুই ছিল না। ম্যাচের শুরুটাও তাই চাপহীন থেকে দূর্দান্তভাবে শুরু করেছিলেন। দারুন এক ব্যাকহ্যান্ড শটের মাধ্যমে সার্বিয়ান তারকার প্রথম সার্ভিসটাই নিজের করে নেন। প্রথম দুই গেমে জকোভিচ বার্ডিচের কাছ থেকে মাত্র দুই পয়েন্ট নিতে পেরেছেন। কিন্তু এরপরপরই কিছুটা ব্যাকফুটে চলে যান বার্ডিচ। একের পর এক আনফোর্সড এরর করায় জকোভিচ ৩-১ গেমে পিছিয়ে থাকার পরেও ৫-৩ গেমে এগিয়ে যান। তবে টানা ছয় পয়েন্ট অর্জন করে বার্ডিচ ৫-৫এ সমতা ফেরান। তবে সার্বিয়ানের ছন্দের কাছে প্রায়ই অসহায় মনে হয়েছে চেক তারকাকে। প্রথম সেট টাই ব্রেকারে গড়ালে দুটি সেট পয়েন্ট রক্ষা করলেও শেষ পর্যন্ত জকোভিচই এগিয়ে যান।
দ্বিতীয় সেটের পঞ্চম গেমে বার্ডিচ তিনটি ব্রেক পয়েন্ট পেলেও আনফোর্সড এরর করে দুটি নষ্ট করেন। আর দূর্দান্ত সার্ভিস দিয়ে জকোভিচ একটি রক্ষা করেন। সেই ম্যাচটি জকোভিচ জেতার পরে বৃষ্টির কারনে প্রায় ৭০ মিনিট খেলা বন্ধ ছিল। তৃতীয় সুযোগে বার্ডিচ ৪-৩ গেমে এগিয়ে যান। এই পিছিয়ে পড়া অবশ্য আর কাটিয়ে উঠতে পারেনি জকো। প্রথম সার্ভিসের ১৯টি পয়েন্টের মধ্যে ১৫টি আদায় করে নিয়ে দ্বিতীয় সেট জয় করেন বার্ডিচ। তবে তৃতীয় সেটে মূলত বার্ডিচকে আর দাঁড়াতেই দেননি শীর্ষ তারকা। ৪-০ গেমে এগিয়ে যাবার পরে বার্ডিচ প্রথমে একটি ব্রেক পয়েন্ট পান এবং পরে সপ্তম গেমে গিয়ে আরেকটি ব্রেক পয়েন্ট অর্জন করেন। কিন্তু আবারো জকোভিচের শক্তিশালী শটের বিপরীতে চেক তারকার আনফোর্সড এরর ম্যাচে ভাগ্য নির্ধারন করে দেয়।
এএ/এমআর/পিআর