ছয় সপ্তাহের জন্য মাঠের বাইরে মোদ্রিচ
ডান হাঁটুর লিগামেন্টে ইনজুরির কারণে আগামী ছয় সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে গেছেন রিয়াল মাদ্রিদ তারকা লুকা মোদ্রিচ। ফলে লা লিগার চলতি মৌসুমে আর খেলা হচ্ছে না তার।
শনিবার প্রিমিয়ার ডিভিশনের ম্যাচে মালাগার বিপক্ষে নিজেদের মাঠ বার্নাব্যুতে মালাগার বিপক্ষে ৬০ মিনিটে ইনজুরিতে পড়েন মোদ্রিচ। মাদ্রিদের পক্ষ থেকে পরবর্তীতে জানানো হয়েছে তার হাঁটুর লিগামেন্ট ক্ষতিগ্রস্থ হয়েছে।
এদিকে ক্রোয়েশিয়ান ফুটবল ফেডারেশন রোববার জানিয়েছে আগামী ছয় সপ্তাহের জন্য ছিটকে পড়েছেন মোদ্রিচ। তার অর্থ হচ্ছে আগামী ২৩ মে শেষ হতে যাওয়া এবারের স্প্যানিশ লিগে আর তার খেলা হচ্ছে না।
এই ইনজুরির কবলে পড়ে টটেনহ্যামের সাবেক এই প্লেমেকার সেল্টা, আলমেরিয়া, সেভিয়া, ভ্যালেন্সিয়া, এস্পানেয়ল এবং গেতাফের বিপক্ষে হোম ও এ্যাওয়ে ম্যাচগুলোতে খেলতে পারছেন না। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে বুধবার অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে ঘরের মাঠে অনুষ্ঠিতব্য চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগের ম্যাচে মোদ্রিচকে দর্শক হয়েই থাকতে হবে।
তবে আগামী ৬ জুন মাদ্রিদ যদি নিজেদের শিরোপা ধরে রাখার প্রত্যয়ে ফাইনালে উঠতে পারে তাহলে হয়তো ২৯ বছর বয়সী এই মিডফিল্ডারকে দেখা যেতে পারে।
এএ/এমআর/পিআর