চেন্নাইকে হারিয়ে রাজস্থানের পাঁচে পাঁচ


প্রকাশিত: ১১:১৫ এএম, ২০ এপ্রিল ২০১৫

চেন্নাইকে আট উইকেটে হারিয়ে আইপিএলে প্রথম পাঁচ ম্যাচে টানা পাঁচ জয় তুলে নিলো  শিল্পা শেঠির রাজস্থান। আর এ জয়ে আইপিএল এইটের পথে দুর্দান্ত গতিতে এগিয়ে চলছে রাজস্থান।

অজিঙ্কা রাহানে ও শেন ওয়াটসনের ওপেনিং জুটির রেকর্ড পার্টনারশিপে চেন্নাইয়ের দেওয়া ১৫৭ রান তাড়া করতে নেমে সহজেই জয়ের কাছে পৌঁছে যায় রাজস্থান। শেষ দিকে ওয়াটসন ও স্টিভেন স্মিথ তাড়াহুড়ো না-করলে ১০ উইকেটেই জিততে পারত রয়্যালসবাহিনী।৭৬ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন রাহানে। ৫৫ বলের ইনিংসে দু’টি ওভার বাউন্ডারি এরং ছ’টি বাউন্ডারি মারেন তিনি। এর আগে ৪৭ বলে চারটি ছক্কা ও ছ’টি চার মেরে ৭৩ রানে ডাগ-আউটে ফেরেন অধিনায়ক ওয়াটসন।

এর আগে ডোয়াইন ব্রাভোর সাহসী ইনিংসে মোতেরায় রাজস্থান রয়্যালসের সামনে ১৫৭ রানের টার্গেট দেয় চেন্নাই। ৬৫ রানে চার উইকেট হারিয়ে ধুঁকতে থাকা ইনিংসকে টেনে তোলেন ব্রাভো। আগের ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে দুই ওপেনারের ব্যাটিং তাণ্ডবে ১৮৩ রান তাড়া করে সহজ জয় পেলেও এদিন রাজস্থানের বিরুদ্ধে শুরুটা ভালো হয়নি ধোনিদের। দলীয় ১৫ রানে ব্রেন্ডন ম্যাককালাম ডাগ আউটে ফেরার পর রানের গতি থমকে যায়।

পাশাপাশি দ্রুত তিন উইকেট হারায় চেন্নাই। কিন্তু অন্য ওপেনার ডোয়াইন স্মিথের লড়াকু ৪০ এবং ব্রাভোর ৩৬ বলে ৬২ রানের অপরাজিত ইনিংসে দেড়শোর গণ্ডি টপকায় সিএসকে। তাকে যোগ্য সহযোগিতা দেন অধিনায়ক ধোনি। ৩৭ বলে ৩১ রান করেন তিনি। রাজস্থানের সফলতম বোলার ক্রিস মরিস। চার ওভারে মাত্র ১৯ রান দিয়ে একটি উইকেট তুলে নেন তিনি।

এমআর/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।