দুর্জয়-হাথুরুসিংহকে নিয়ে বসব : পাপন
পাকিস্তানের বিপক্ষে আসন্ন সিরিজ শেষে ক্রিকেট পরিচালনা কমিটির চেয়ারম্যান নাঈমুর রহমান দুর্জয় এবং কোচ হাথুরুসিংহের সঙ্গে বসবেন বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন। রোববার বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যেকার দ্বিতীয় ওয়ানডে চলাকালীন মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে গণমাধ্যমকে এ কথা বলেছেন বিসিবি প্রধান।
গণমাধ্যমকে বিসিবি প্রধান বলেন, ক্রিকেট পরিচালনা কমিটির চেয়ারম্যান নাঈমুর রহমান দুর্জয় প্রথম টেস্ট অধিনায়ক, উনি খুব গণ্যমান্য ব্যক্তি। এদিকে প্রধান কোচ হাথুরুসিংহে একজন নামকরা কোচ। কাজেই দুইজনের মধ্যে কিছুটা ইগো সমস্যা থাকতেই পারে। আমি এখনই পারতাম এটা নিয়ে বসতে; কিন্তু সিরিজের মাঝখানে বসতে চাইনি। এই সিরিজ শেষ হওয়ার পরপরই অবশ্যই এটা নিয়ে বসব আমরা। বিষয়টি গুরুত্বসহকারে সমাধান করার চেষ্টা করব।
বিসিবি প্রধান আরও বলেন, এই দলটার সবচেয়ে বড় পরিবর্তন তারা কাউকে ভয় পায় না। এক-দুই জন খেলোয়াড় যদি ভালো নাও করে, অন্যরা তা পুষিয়ে দিচ্ছে। টিম স্পিরিট খুবই ভালো। ঠিক এভাবে যদি আমরা খেলতে পারি তাহলে রাঙ্কিং নয়, আর্ন্তজাতিক আঙিনায় আমরা আরও এগিয়ে যেতে পারব।
এমআর/এমএস