বাংলাদেশ ও পাকিস্তান দল খুলনা যাচ্ছে আজ
বাংলাদেশ ও পাকিস্তান ক্রিকেট দল খুলনা যাচ্ছে আজ। শনিবার সন্ধ্যার ফ্লাইটে খুলনায় পৌঁছাবেন তারা। নগরীর হোটেল সিটি ইন এ থাকবেন তারা। ইতিমধ্যে খেলোয়াড়দের থাকার সু-ব্যব্স্থা করা হয়েছে। রোববার থেকে মাঠে অনুশীলনে নামবে দু’দলেরই খেলোয়াড়।
আগামী ২৮ তারিখ খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বাংলাদেশ-পাকিস্তান প্রথম টেস্ট। আর এ ম্যাচকে ঘিরে খুলনায় বিরাজ করছে উৎসবের আমেজ। সেই সঙ্গে নিরাপত্তার চাঁদরে মুড়ে ফেলা হয়েছে খুলনাকে।
খেলায় নিরাপত্তার বিষয়টিকে বেশ গুরুত্বের সাথে দেখছে পুলিশ প্রশাসন। কেএমপির মুখপাত্র অতিরিক্ত পুলিশ কমিশনার শেখ মনিরুজ্জামান মিঠু বলেন, বাংলাদেশ ও পাকিস্তান ক্রিকেট দল আজ সন্ধ্যার ফ্লাইটে খুলনা আসবে। খুলনা পৌঁছেই তারা হোটেলে বিশ্রাম নেবেন। পরের দিন থেকে তাদের অনুশীলন শুরু হবে।
সার্বিক বিষয়ে তারা সচেতন রয়েছেন বলে দাবি করে তিনি জানান, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা চার স্তরের নিরাপত্তার চাদরে ঢেকে রাখবে বাংলাদেশ-পাকিস্তানের মধ্যকার প্রথম টেষ্ট ম্যাচের ৫দিন। ২ হাজার পুলিশ সদস্য এ নিরাপত্তার দায়িত্ব পালন করবে। ইতিমধ্যে পার্শ্ববর্তী বিভিন্ন জেলা থেকে পুলিশ সদস্যদের খুলনায় আনা হয়েছে। কে কোথায় দায়িত্ব পালন করবে সে বিষয়ে শুক্রবার কেএমপি পুলিশ লাইনে তাদের ব্রিফিং করা হয়। এসময় খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনারসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, আজ শনিবার সন্ধ্যার ফ্লাইটে ঢাকা থেকে যশোর বিমান বন্দরে অবতরণ করবেন টাইগার ও পাকিস্তান দলের ক্রিকেটাররা। সেখান থেকে কঠোর নিরাপত্তার মধ্যে শীতাতপ নিয়ন্ত্রিত বাসে করে রাত ৯টা থেকে সাড়ে ৯টার দিকে হোটেল সিটি ইন এ পৌঁছাবেন খেলোয়াড়রা। এ হোটেলেই দুই দলের খেলোয়াড়রা থাকবেন। রোববার ও সোমবার পালাক্রমে শেখ আবু নাসের স্টেডিয়ামে অনুশীলন করবেন দুই দলের ক্রিকেটাররা। ২৮ এপ্রিল সকালে শুরু হবে প্রথম টেষ্ট ম্যাচ।
এ ব্যাপারে খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার নিবাস চন্দ্র মাঝি জানান, আসন্ন টেস্ট ম্যাচের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ইতিমধ্যে তাদের দায়িত্ব বুঝিয়ে দেয়া হয়েছে।
এসএস/এআরএস/এমএস