তিন গুরুত্বপূর্ণ সদস্য ছাড়াই বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৯:৪৪ এএম, ১১ মে ২০২৬

 

সাদা বলের সিরিজ খেলতে আগামী মাসে বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া। সেই সিরিজের দলও ঘোষণা করেছে ছয়বারের বিশ্বচ্যাম্পিয়নরা। তবে এই দলে রাখা হয়নি দলটির ৩ তারকা পেসার প্যাট কামিন্স, মিচেল স্টার্ক ও জশ হ্যাজেলউডকে।

জুনে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য প্রথমবার জাতীয় দলে ডাক পেয়েছেন তরুণ ব্যাটার জোয়েল ডেভিস।

চলতি বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপে হতাশাজনক পারফরম্যান্সের পর দল পুনর্গঠনের ইঙ্গিত দিয়েছে অস্ট্রেলিয়া। পাকিস্তান সফরের দলে ফিরেছেন পেসার রিলে মেরেডিথ ও বিলি স্ট্যানলেক ।

দলের নির্বাচক প্রধান জর্জ বেইলি বলেন, ‘নতুন খেলোয়াড়দের আন্তর্জাতিক ক্রিকেটে সুযোগ পেতে দেখা সবসময়ই রোমাঞ্চকর। অভিজ্ঞ ও নতুন খেলোয়াড়দের মিশ্রণে উপমহাদেশের সফরগুলোর জন্য ভারসাম্যপূর্ণ দল গঠন হয়েছে।’

তিনি আরও বলেন, ‘ভবিষ্যৎ পরিকল্পনার অংশ হিসেবে ভিন্ন কন্ডিশনে খেলোয়াড়দের অভিজ্ঞতা বাড়ানোর দিকে আমরা গুরুত্ব দিচ্ছি।’

সবগুলো সীমিত ওভারের ম্যাচে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেবেন মিচেল মার্শ। তবে টি-টোয়েন্টি দলে জায়গা হয়নি অভিজ্ঞ অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েলের।

অন্যদিকে কামিন্স, স্টার্ক ও হ্যাজলউডকে বিশ্রাম দেওয়া হয়েছে আসন্ন ব্যস্ত সূচির কথা বিবেচনা করে। আগস্টে আবার শুরু হবে অস্ট্রেলিয়ার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ অভিযান।

বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার ওয়ানডে দল

মিচেল মার্শ (অধিনায়ক), জেভিয়ার বার্টলেট, অ্যালেক্স ক্যারি, কুপার কনলি, বেন ডোয়ারশুইস, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, ট্রাভিস হেড, জশ ইংলিস, ম্যাথিউ কুনেমান, মার্নাস লাবুশেন, ম্যাথিউ রেনশ, তানভির সাঙ্ঘা, লিয়াম স্কট, অ্যাডাম জাম্পা।

বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি দল

মিচেল মার্শ (অধিনায়ক), জেভিয়ার বার্টলেট, কুপার কনলি, টিম ডেভিড, জোয়েল ডেভিস, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, অ্যারন হার্ডি, ট্রাভিস হেড, জশ ইংলিস, স্পেন্সার জনসন, ম্যাথিউ কুনেমান, রাইলি মেরেডিথ, জশ ফিলিপে, ম্যাথিউ রেনশ, অ্যাডাম জাম্পা।

আইএন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।