সুযোগ কাজে লাগেনি : আজহার


প্রকাশিত: ০২:২৭ পিএম, ২৮ এপ্রিল ২০১৫

প্রথমবারের মতো পাকিস্তানকে টেস্টে হারানোর লক্ষ্যে খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে দিনটা নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। দিন শেষে ৮৯.৫ ওভারে ৪ উইকেট হারিয়ে টাইগারদের সংগ্রহ ২৩৬ রান। সাকিব ১৯ রান নিয়ে অপরাজিত আছেন।

তবে তামিম ইকবাল, ইমরুল কায়েস, মুমিনুল হক ও মাহমুদুল্লাহ রিয়াদরা কয়েকবার পাকিদের বলে ক্যাচ তুলে দিয়েছিলেন। কিন্তু সেই সুযোগগুলো কাজে লাগাতে পারেনি পাকিস্তানের ফিল্ডাররা। ফলে খুলনা টেস্টের প্রথম দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ২৩৬ রান। তবে এ সুযোগ গুলো কাজে লাগাতে পারলে দিনটা অন্যরকম হতো পারতো বলে জানিয়েছেন সফরকরী দলের প্রথমসারির ব্যাটসম্যান আজহার আলি।

আজহার আলী বলেন, আমাদের বোলাররা যেভাবে বল করছিল। তাতে প্রতিপক্ষের ব্যাটসম্যান ৫/৬ টা সুযোগ দিয়েছিল। কিন্তু আমরা সেগুলোকে কাজে লাগাতে পারিনি। তবে শেষ বিকেলে মুমিনুলের আউটটি আমাদের জন্য ছিল অনেক বড় প্রাপ্তি। তাই কাল (বুধবার) সকালে ওদেরকে যতো তাড়াতাড়ি সম্ভব আউট করতে হবে।

এর আগে পাকিস্তানের বিপক্ষে এমন পিচে টস জিতে ব্যাট করতে নেমে শুরু থেকেই ভীষণ ধীর-স্থির বাংলাদেশ। শুরুটা অবশ্য ভালোই হয়েছিল। কিন্তু উদ্বোধনী জুটিতে ৫২ রান ওঠার পর মধ্যাহ্ন-বিরতির কিছুক্ষণ আগে ২৫ রান করে আউট হয়ে যান তামিম ইকবাল।

অন্য ওপেনার ইমরুল কায়েস অবশ্য আস্থার সঙ্গে খেলছিলেন। কিন্তু ক্যারিয়ারের দ্বিতীয় অর্ধশতক করে বিদায় নিয়েছেন তিনিও। মোহাম্মদ হাফিজকে ফিরতি ক্যাচ দেওয়ার আগে ৫১ রান করেছেন তিনি। ১৩০ বলে অনেক ধৈর্য্যে গড়া ইনিংসটিতে ছিল ছয়টি চার।

তবে চা-বিরতি পর্যন্ত আর কোনো ক্ষতি হয়নি স্বাগতিক দলের। তৃতীয় উইকেটে মমিনুল আর মাহমুদুল্লাহ মিলে ৯৫  রানের জুটি গড়ে। তবে ওয়ানডে সিরিজের হতাশা কাটিয়ে ছন্দে ফেরা মাহমুদউল্লাহ একটুর জন্য অর্ধশতকের দেখা পাননি। ৪৯ রান করে ওয়াহাব রিয়াজের বলে আউট হন।

তবে দিন শেষে স্কোরটা অবশ্য ৩ উইকেটে ২৩৬ হতে পারত। কিন্তু দিনের মাত্র এক বল বাকি থাকতে জুলফিকার বাবরের বলে ৮০ রান করে ফিরে গেছেন মুমিনুল হক।

বিএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।