গেটাফেকে উড়িয়ে দিল বার্সা
মঙ্গলবার ন্যু ক্যাম্পে গেটাফেকে পেয়ে যেন গোল উৎসবে মেতে উঠেছিল কাতালানরা। এক এক করে মোট ৬বার অতিথিদের জালে বল জড়িয়েছেন মেসি-নেইমার-সুয়ারেজরা। ৬-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে বার্সা।
বার্সার আক্রমণত্রয়ীর সবাই গোল পেলেন এদিন। সঙ্গে এ উৎসবে যোগ দিলেন জাভি হার্নান্দেজও। জোড়া গোল করেছেন মেসি এবং সুয়ারেজ। একটি করে গোল করলেন নেইমার এবং জাভি।
এই জয়ের ফলে ৩৪ ম্যাচ শেষে বার্সার পয়েন্ট দাঁড়াল ৮৪। এক ম্যাচ কম খেলে রিয়ালের পয়েন্ট ৭৯। আগামীকালই নিজেদের মাঠে আলমেরিয়ার মোকাবেলা করবে রিয়াল। আপাতত ততক্ষণ পর্যন্ত রিয়ালের চেয়ে ৫ পয়েন্টে এগিয়ে থাকল বার্সা।
ন্যু ক্যাম্পে পেনাল্টি দিয়ে গোলের সূচনা করেন লিওনেল মেসিই। ডি বক্সের মধ্যে লুইস সুয়ারেজকে ফাউল করে বসেন আলভারো আরোয়ো। পেনাল্টির বাঁশি বাজালে স্পট কিক নেন মেসি। ২৫ মিনিটে দলের দ্বিতীয় গোল করেন সুয়ারেজ নিজেই। মেসির পাস থেকেই গোলটি করেন তিনি।
তিন মিনিট যেতে না যেতে (২৮ মিনিটে) আবারও গোল। এবার গোলদাতা নেইমার। সুয়ারেজের পাস থেকেই ডান পায়ের শটে গোলটি করেন তিনি।
চতুর্থ গোল পেতে মাত্র ২ মিনিট অপেক্ষা করতে হলো বার্সাকে। ৩০তম মিনিটে গোলটি করেন জাভি হার্নান্দেজ। নেইমারের সযোগিতায় গোলটি করেন বার্সা অধিনায়ক। ১০ মিনিট পর
(৪০ মিনিটে) পঞ্চম গোলটি করেন সুয়ারেজ। এটি আবার নিজের দ্বিতীয় গোল তার। জাভির পাস থেকে ডান পায়ের শটে গোলটি করেন উরুগুইয়ান এই তারকা। ৪৭ মিনিটে বার্সার হয়ে ৬ষ্ঠ এবং নিজের দ্বিতীয় গোল করেন মেসি। এবার মেসিকে সহযোগিতা করেন সুয়ারেজই।
এআরএস/পিআর