জিম্বাবুয়ের সঙ্গে নতুন চুক্তিতে হোয়াটমোর
বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক কোচ ডেভ হোয়াটমোরকে আরো চার বছরের জন্য রেখে দিলো জিম্বাবুয়ে। বৃহস্পতিবার দেশটির ক্রিকেট বোর্ডের সঙ্গে আরো চার বছর মেয়াদী চুক্তিতে সাক্ষর করেছেন বলে জানিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড।
সংবাদ সম্মেলনে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান উইলসন ম্যানাস বলেন, আমরা গতকাল (বুধবার) তার (ডেভ হোয়াটমোর) সঙ্গে চার বছরের চুক্তি সম্পন্ন করেছি। আগামী চার বছরের জন্য তিনি আমাদের সঙ্গেই থাকবেন।
উল্লেখ্য, ২০১৫ বিশ্বকাপকে সামনে রেখে গত বছরের ডিসেম্বর মাসে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড স্বল্প মেয়াদে কোচ হিসেবে নিয়োগ দেয় ডেভ হোয়াটমোরকে। অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড বিশ্বকাপে ৬ ম্যাচের মাত্র একটিতে জয় পেলেও জিম্বাবুয়ের কোচ হিসেবে হোয়াটমোরের পারফরম্যান্সে সন্তুষ্ট দেশটির ক্রিকেট বোর্ড।
আরএস/পিআর