বাদল রায়কে সিঙ্গাপুর নেয়া হচ্ছে আজ
গুরুতর অসুস্থ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ও বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের (বিওএ) সহসভাপতি এবং সাবেক কৃতি ফুটবলার বাদল রায়কে উন্নত চিকিৎসার জন্য আজ এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুর নিয়ে যাওয়া হচ্ছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশেই বাদল রায়ের উন্নত চিকিৎসার ব্যবস্থা নেয়া হয়েছে। বাফুফের সদস্য এবং বাংলাদেশ আওয়ামীলীগের যুব ও ক্রীড়া সম্পাদক হারুনুর রশিদ প্রধানমন্ত্রীর নির্দেশ পেয়ে তাকে সিঙ্গাপুর নেয়ার ব্যবস্থা করছেন।
বাদল রায় সোমবার রাতে তার ওয়ারিস্থ নিজ বাসায় গুরতর অসুস্থ হলে, তাকে মঙ্গলবার ভোরে স্কয়ার হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে আইসিউতে রেখে তার চিকিৎসা চলে।
চিকিৎসকেরা জানিয়েছেন, বাদল রায়ের মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে। শরীরের বাঁ দিকটা কিছুটা অবশ হয়ে আছে। মঙ্গলবার দুপুরে বাদল রায়ের এমআরআই করা হয়। তবে রিপোর্ট দেখে খুব ভালো খবর শোনাতে পারেননি চিকিৎসকরা।
বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ মঙ্গলবারই মিডিয়াকে জানিয়েছেন, ‘তার অবস্থা বেশি ভালো নয়। হাসপাতালে হারুনুর রশিদ (বাংলাদেশ আওয়ামী লিগের যুব ও ক্রীড়া সম্পাদক এবং বাফুফের সদস্য) আছেন। তিনি সরকারের উচ্চ পর্যায়ে কথা বলার চেষ্টা করছেন যাতে দ্রুত বাদল রায়কে সিঙ্গাপুরে উন্নত চিকিৎসার জন্য পাঠানো যায়।’
মঙ্গলবার রাতেও অবস্থার পরিবর্তন হয়নি। অবস্থা সংকটাপন্ন। মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে। এ কারণে ডাক্তাররাই উন্নত চিকিৎসা দেয়ার জন্য তাকে সিঙ্গাপুর পাঠানোর পরামর্শ দিয়েছে। এরপর প্রধানমন্ত্রীর নির্দেশ পেয়ে হারুনুর রশিদসহ ক্রীড়া সংগঠকরা তাকে সিঙ্গাপুর পাঠানোর উদ্যোগ নেন।
আজ যে কোনো সময় সিঙ্গাপুর নিয়ে যাওয়া হবে তাকে। বাদল রায়ের সঙ্গে তার স্ত্রী যাবেন এবং আজ রাতে অন্য ফ্লাইটে যাওয়ার কথা রয়েছে আরেক সাবেক ফুটবলার গাফফারের।
আইএইচএস/এমএস