অবশেষে পাকিস্তান যাচ্ছে জিম্বাবুয়ে
সব জল্পনা-কল্পনার পর অবশেষে পাকিস্তানে যাওয়ারই সিদ্ধান্ত নিয়েছে জিম্বাবুয়ে। শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের সভাপতি শাহরিয়ার খান।
এর আগে সবকিছু চূড়ান্ত হয়ে যাওয়ার পর সফর বাতিলের ঘোষণা এসেছিল জিম্বাবুয়ের ক্রিকেট থেকে। সেই ঘোষণার ২০ মিনিট পরই জানানো হয়েছিল যে,চূড়ান্ত সিদ্ধান্ত এখনো নেওয়া হয়নি। এতকিছুর পরে অবশেষে পাকিস্তানে যাওয়ারই সিদ্ধান্ত নিয়েছে জিম্বাবুয়ে।
এ সম্পর্কে পিসিবি সভাপতি বলেছেন,সন্ধ্যায় আমাদের জানানো হয়েছে যে তারা পাকিস্তানে আসার ব্যাপারে নেওয়া আগের সিদ্ধান্তেই অটল আছে। আমরা এই ইতিবাচক সিদ্ধান্তকে স্বাগত জানাই। জিম্বাবুয়ের ক্রিকেট দলের জন্য ‘সম্ভাব্য সর্বোচ্চ নিরাপত্তা’ নিশ্চিত করারও প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।
২০০৯ সালের পর প্রথম টেস্ট দল হিসেবে পাকিস্তান সফরে গিয়ে দুইটি টি-টোয়েন্টি ও তিনটি একদিনের ম্যাচ খেলবে জিম্বাবুয়ে। ২২ মে শুরু হবে প্রথম টি-টোয়েন্টি। সব ম্যাচই অনুষ্ঠিত হবে লাহোরে।
উল্লেখ্য, এরই মধ্যে শনিবার থেকে শুরু হয়েছে পাকিস্তান-জিম্বাবুয়ে সিরিজের টিকিট বিক্রি। টিকিটের মূল্য ১৫০ রুপি থেকে ১৫০০ রুপি পর্যন্ত ধরা হয়েছে।
এমআর/পিআর