ভোলায় ব্যবসায়ীদের সঙ্গে আলজেরিয়ার রাষ্ট্রদূতের মতবিনিময় সভা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ভোলা
প্রকাশিত: ০৪:১২ পিএম, ১৪ মে ২০২৬

ভোলার ব্যবসায়ীদের সঙ্গে বিশেষ মতবিনিময় সভায় করেছেন আলজেরিয়ার রাষ্ট্রদূত ড. আবদেলওয়াহাব সাইদানি। বৃহস্পতিবার (১৪ মে) বেলা সাড়ে ১১টার দিকে ভোলা সার্কিট হাউসের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় ভোলার ব্যবসায়ী নেতারা জানান, ভোলায় প্রচুর পরিমাণ প্রাকৃতিক গ্যাস মজুত রয়েছে। এই গ্যাসকে কাজে লাগিয়ে বিভিন্ন শিল্পকারখানা স্থাপনের মাধ্যমে জেলা ও দেশের উন্নয়ন করা সম্ভব। এছাড়া ভোলায় উৎপাদিত পণ্য আলজেরিয়ায় রপ্তানির সুযোগ তৈরি করতে রাষ্ট্রদূতের সহযোগিতা কামনা করেন ব্যবসায়ীরা।

এসময় ব্যবসায়ীদের দাবি গুরুত্বসহকারে দেখার আশ্বাস দিয়ে ড. আবদেলওয়াহাব সাইদানি বলেন, বাংলাদেশের সঙ্গে আলজেরিয়ার দীর্ঘদিনের সুসম্পর্ক বিদ্যমান। ভোলার অর্থনৈতিক সম্ভাবনাকে কাজে লাগাতে এ সম্পর্ক সহায়ক ভূমিকা পালন করবে।

ভোলা জেলা পরিষদের চেয়ারম্যান ও চেম্বার অব কমার্সের সভাপতি গোলাম নবী আলমগীরের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন, ভোলার অতিরিক্ত জেলা প্রশাসক আবদুল আল মামুন, জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম, চেম্বার অব কমার্সের পরিচালক তরিকুল ইসলাম কায়েদ প্রমুখ।

জুয়েল সাহা বিকাশ/কেএইচকে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।